Published : 16 Jun 2026, 08:21 PM
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক বার্জার পেইন্টস বাংলাদেশ সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
লভ্যাংশ ঘোষণার দিনে শেয়ারটির দাম ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭ টাকা ৩০ পয়সা কমে ১৪১৫ টাকা ৪০ পয়সায় নেমেছে। ২০২৫ সালেও কোম্পানিটি সমপরিমাণ নগদ লভ্যাংশ দিয়েছিল।
একই সঙ্গে কোম্পানিটি সহযোগী প্রতিষ্ঠান জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেডে আরও ৫ কোটি ১০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারের বিপরীতে এ অর্থ বিনিয়োগ করার কথা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানিয়েছে কোম্পানিটি।
মঙ্গলবার ডিএসইকে দেওয়া তথ্যে বার্জার পেইন্টস বলেছে, আগামী ২৪ অগাস্ট অনলাইনে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা হবে। এজন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ৭ জুলাই। রেকর্ড তারিখ পর্যন্ত শেয়ারধারকরা প্রতি শেয়ারের বিপরীতে নগদ ৫২ টাকা ৫০ পয়সা লভ্যাংশ পাবেন।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭৬ টাকা ৮৩ পয়সা, আগের বছরে যা ছিল ৭১ টাকা ২০ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য কিছুটা বেড়ে হয়েছে ৪০০ টাকা ২৪ পয়সা, আগের বছরে যা ছিল ৩৩২ টাকা ৪২ পয়সা।
এছাড়া সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহও বেড়ে দাঁড়ায় ৮৯ দশমিক ৫২ টাকা, আগের বছরে যা ছিল ৫৭ টাকা ৭৬ পয়সা।
এদিন বার্জার পেইন্টস বাংলাদেশ বিনিয়োগ নিয়ে পর্ষদে হওয়া সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে, সহযোগী প্রতিষ্ঠান জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেডের ৫১ শতাংশ শেয়ারের জন্য ৫ কোটি ১০ লাখ টাকা বিনিয়োগ করবে তারা।
এর আগে ২০২৫ সালের জুলাই মাসে কোম্পানিটি এ প্যাকেজিং কোম্পানি খোলার ঘোষণা দিয়েছিল।
অপরদিকে বার্জার পেইন্টস বাংলাদেশর সম্পূর্ণ মালিকানাধীন আরেক সহযোগী প্রতিষ্ঠান জেনসন অ্যান্ড নিকলসন (বাংলাদেশ) লিমিটেডও জেএনপিএলে ৪ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ করবে। জেএনপিএলে বার্জার পেইন্টস বাংলাদেশের ৫১% এবং জেনসন অ্যান্ড নিকলসন (বাংলাদেশ) এর ৪৯% শেয়ার রয়েছে।