৭১ কোম্পানির শেয়ারের ক্রেতা নেই, নামমাত্র লেনদেন ১৮১টিতে
সারা দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৪৭২ কোটি ৯১ লাখ ৩৫ হাজার টাকা।
বিনিয়োগকারীদের জন্য এবার ‘ঈদ উপহার’ দিল না পুঁজিবাজার। ঈদের আগে শেষ সপ্তাহের শুরুর দিন তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগের লেনদেন দেখা গেছে তলানিতে। শেয়ার বিক্রি করতে না পারায় লাখ লাখ বিনিয়োগকারীর অর্থ আটকে আছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৭১টি কোম্পানির একটি শেয়ারও লেনদেন হয়নি। আরও ১৮১টি কোম্পানিতে লেনদেন হয়েছে নামমাত্র।
এগুলোর মধ্যে ৭৪টি কোম্পানিতে এক হাজার থেকে ১০ হাজার শেয়ার, ৫২টি কোম্পানির ১০৩টি থেকে এক হাজার শেয়ার, ২২টি কোম্পানির ১১ থেকে ১০০টি শেয়ার আর ২২টি কোম্পানির এক থেকে ১০টি শেয়ার হাতবদল হয়েছে।
নামমাত্র লেনদেন হয়েছে- এমন কোম্পানির মধ্যে আছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল, রেনাটা, এসিআই, রেকিট বেনকিনজার, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, বাটা সু, বিএসআরএম লিমিডেট, বিএসআরএম স্টিল, লাফার্জ হোলসিমের মত শক্তিশালী কোম্পানিও।
কেবল এগুলো নয়, ভালো লভ্যাংশ আসার পরও ব্যাংক খাতের বেশিরভাগ কোম্পানিতে আগ্রহ নেই, দুই বছর ধরে আলোচনায় থাকা সাধারণ বীমা খাতেও লেনদেন হচ্ছে না বললেই চল। বস্ত্র, সিমেন্ট ও প্রকৌশল খাতগুলোতেও দেখা দিয়েছে অচলাবস্থা।
এ অবস্থায় মাসের পর মাস ধরে স্বল্প ও মাঝারি মূলধনের ৬০ থেকে ৭০টি কোম্পানির শেয়ারের ওপর ভর করে পুঁজিবাজারের লেনদেন ও সূচক ওঠানামা করছে। এর মধ্যে অনেকগুলো লোকসানি, কিছু কোম্পানি মুনাফা দেখায় নামমাত্র, নিয়মিত দিতে পারে না ল্যভাংশও। অথচ এগুলোর শেয়ারদর লাফাচ্ছে।
‘মার্চে সুখবর’ আসছে বলে ফেব্রুয়ারির শেষে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম যে আশ্বাস দিয়েছিলেন, তেমন কোনো খবর আসনি এপ্রিলের অর্ধেকটা পেরিয়ে যাওয়ার পরেও। যে কারণে বড় ও মাঝারি বিনিয়োগকারীরা হাত গুটিয়ে বসে।
ঈদের ছুটির আগে বাকি থাকা শেষ তিনটি কর্মদিবসের প্রথমটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে বেড়েছে ৫১টি কোম্পানির দর, কমেছে ৫৬টির। আগের দিনের দরে হাতবদল হয়েছে ২১০টি কোম্পানি, যেগুলোর সিংহভাগই ফ্লোর প্রাইসে লেনদেন হচ্ছে।
অর্থাৎ এদিন হাতবদল হয়েছে মোট ৩১৭টি কোম্পানির শেয়ার, যদিও তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩৯২টি। এর মধ্যে দুটির লেনদেন আদেশ দিয়ে স্থগিত রাখা হয়েছে। দুটি কোম্পানির লেনদেন বন্ধ ছিল লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে। অর্থাৎ ৭১টি কোম্পানির শেয়ারের অর্ডার দিয়ে একটিও বিক্রি করা যায়নি। আরও দুই থেকে আড়াই শ কোম্পানির বিপুল পরিমাণ শেয়ার বিক্রির জন্য অর্ডার বসিয়েও হতাশ হয়েছেন বিনিয়োগকারী।
সারা দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৬ পয়েন্ট হয়েছে। মোট লেনদেন হয়েছে ৪৭২ কোটি ৯১ লাখ ৩৫ হাজার টাকা।
এর মধ্যে টাকার অঙ্কে আগ্রহের শীর্ষে থাকা কেবল ১০টি কোম্পানিতে লেনদেন হয়েছে ২২৬ কোটি ৮৬ লাখ ৮ হাজার টাকা। আর শীর্ষ ২০ কোম্পানিতে লেনদেন হয়েছে ৩১৩ কোটি ১৭ লাখ ৯০ হাজার টাকা, অর্থাৎ মোট লেনদেনের ৬০ শতাংশের বেশি।
সব মিলিয়ে এক কোটি টাকার বেশি লেনদেন হয়েছে কেবল ৫৪টি কোম্পানিতে। এর মধ্যে ১০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে ১২টিতে।
এই ৫৪টি কোম্পানিতে লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৫৯ লাখ ৪২ হাজার টাকা। বাকি ২৬৩টি কোম্পানিতে হাতবদল হয়েছে কেবল ৬৭ কোটি ৩১ লাখ ৯৩ হাজার টাকা।
খাতওয়ারি সবচেয়ে বেশি আগ্রহ ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাতে। মোট লেনদেনের ১৮.৮৯ শতাংশই হয়েছে এই খাতে। ১৫ শতাংশ তথ্য প্রযুক্তি খাতে, ১২ শতাংশ হয়েছে ওষুধ প্রযুক্তি খাতে আর ১০ শতাংশ ভ্রমণ ও অবকাশ খাতে।
লেনদেনের শীর্ষ দশে যারা
বছরের প্রথম তিন প্রান্তিকে আগের বছরের চেয়ে আয় বৃদ্ধির তথ্য প্রকাশের পরদিন গত বছর তালিকাভুক্ত নাভানা ফার্মার শেয়ারদর সার্কিট ব্রেকার ছুঁয়ে লেনদেন হয়েছে। আগের দিন দর ছিল ৬৬ টাকা ৪০ পয়সা। একদিনে বাড়তে পারত ৬ টাকা ৬০ পয়সা। এই পরিমাণ বেড়েই লেনদেন শেষ হয়েছে ৭৩ টাকায়।
স্বল্প মূলধনী ওরিয়ন ইনফিউশন, ন্যাশনাল টি কোম্পানি ও জেমিনি সি ফুডও দর বৃদ্ধির সর্বোচ্চ সীমা ছুঁয়ে লেনদেন শেষ করেছে। এর মধ্যে ইনফিউশনের দর ৮.৭৩ শতাংশ এবং বাকি দুটির দর বেড়েছে ৭.৪৯ শতাংশ করে।
এছাড়া মেট্রো স্পিনিংয়ের দর ৬.৫৭ শতাংশ, স্বল্প মূলধনী বিডিঅটোকারের দর ৫.৯৮ শতাংশ, পাঁচ বছর বন্ধ থাকার পর উৎপাদনে ফেরা এমারেল্ড অয়েলের দর ৫.৪৩ শতাংশ, ‘দুর্বল’ কোম্পানি ন্যাশনাল ফিডমিলসের দর ৪.০২ শতাংশ, বস্ত্র খাতের হামিদ ফেব্রিক্সের দর ৪ শতাংশ এবং তথ্য প্রযুক্তি খাতের আমরা নেটওয়ার্কের দর বেড়েছে ৩.৮৬ শতাংশ।
শীর্ষ দশের বাইরে আরও তিনটি কোম্পানির দর ৩ শতাংশের বেশি, ছয়টির দর দুই শতাংশের বেশি, ১০টির দর বেড়েছে এক শতাংশের বেশি।
উল্টো দৌড়ে মিডল্যান্ড-লিগ্যাসি
তালিকাভুক্তির পর বিনিয়োগকারীর আগ্রহ দেখা না গেলেও গত সপ্তাহে হঠাৎ করেই ১০ টাকা ২০ পয়সা থেকে ১৪ টাকা ১০ পয়সায় উঠে গিয়েছিল মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর।
এই ব্যাংকটির শেয়ারদর কমে এবার লেনদেন হয়েছে সার্কিট ব্রেকার ছুঁয়ে। আগের দিন দর ছিল ১২ টাকা ৮০ পয়সা। এক টাকা ২০ পয়সা কমে দিন শেষে দর দাঁড়িয়েছে ১১ টাকা ৬০ পয়সা। কমেছে ৯.৩৭ শতাংশ।
এক মাসেরও কম সময়ে ৪২ টাকা থেকে ১০০ টাকা ছাড়িয়ে যাওয়া লিগ্যাসি ফুটওয়্যারে গত সপ্তাহ থেকে যে দরপতন দেখা দিয়েছিল, তা আরও বেড়েছে। আরও ৪.৫১ শতাংশ কমে শেয়ারদর দাঁড়িয়েছে ৭৮ টাকা ২০ পয়সায়।
দর হারানোর শীর্ষ দশে আরও ছিল শ্যামপুর সুগার, বিচ হ্যাচারি, ইস্টার্ন হাউজিং, এপেক্স ফুটওয়্যার, আজিজ পাইপস, বাটা সু, সি পার্ল ও এপেক্স ফুডস।
