দ্বিতীয় প্রান্তিকে ডেটা বিক্রিতে ভর করে রবির আয়ে উল্লম্ফন
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রবির গ্রাহকরা মাসে গড়ে ৬ দশমিক ৪৩ জিবি ডেটা ব্যবহার করেছেন।
মোবাইল ইন্টারনেট বা ডেটার ব্যবসায় বড় ধরনের প্রবৃদ্ধিতে মোবাইল ফোন অপারেটর রবির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে ২০ দশমিক ০৬ শতাংশ; মুনাফাও ধরে রেখেছে।
বৃহস্পতিবার ঢাকার গুলশানে রবির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এপ্রিল-জুন সময়ের সবশেষ আর্থিক প্রতিবেদন প্রকাশ করে কোম্পানিটি। সেখানে বলা হয়, বর্তমান সময়ে ডেটাই ব্যবসার অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে।
চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাহী (সিইও) রাজীব শেঠি আর্থিক প্রতিবেদনের বিভিন্ন তথ্য তুলে ধরেন। চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এম রিয়াজ রাশিদ এসময় উপস্থিত ছিলেন।
কোম্পানির ব্যবসার সার্বিক পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলনে রবির সিইও রাজীব শেঠি বলেন, “সামষ্টিক অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জের পরও কোম্পানির সামগ্রিক কার্যক্রমে আমরা সন্তুষ্ট। বিশেষ করে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে আমাদের আয়ের ২৯ শতাংশ ডেটা ব্যবসা থেকে এসেছে, যা ডিজিটাল কোম্পানি হিসেবে আমাদের এগিয়ে যাওয়ার সঠিক প্রতিফলন।
"২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে আমাদের অর্জিত আয়ের একটা বড় অংশ বিভিন্ন ফি হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে দিতে হয়েছে, যা আমাদের ব্যবসায় প্রভাব ফেলেছে । স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা আমরা প্রত্যাশা করি।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আগের বছরের একই সময়ের তুলনায় রবির আয় ২০ দশমিক ০৬ শতাংশ বেড়েছে। এসময়ে কোম্পানিটি ২ হাজার ৫৩৯ কোটি ৯০ লাখ টাকা আয় করেছে। এরমধ্যে ডেটা বিক্রি থেকে আয় বেড়েছে ২৯ দশমিক ৬ শতাংশ। এছাড়া ফোরজি ডেটার ব্যবহার বেড়েছে প্রায় ২৩ শতাংশ।
এ প্রান্তিকে রবি নেটওয়ার্কে মোট ১০ লাখ ডেটা ব্যবহারকারী যুক্ত হয়ে এর সংখ্যা ৪ কোটি ৩১ লাখে উন্নীত হয়েছে, যা কোম্পানির মোট গ্রাহকের প্রায় ৭৬ দশমিক ৫ শতাংশ।
গ্রাহক বিচারে দ্বিতীয় স্থানে থাকা অপারেটরটি এপ্রিল-জুন সময়ে কর পরবর্তী মুনাফা (পিএটি) করেছে ২৪ কোটি ৪০ লাখ টাকা।
অপরদিকে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) রবির মোট রাজস্ব ছিল ৪ হাজার ৮৮৭ কোটি টাকা। এসময়ে কর পরবর্তী মুনাফার পরিমাণ ছিল (পিএটি) ৬৬ কোটি ৪০ লাখ টাকায। প্রথমার্ধে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ১৩ টাকা; গত বছরের একই সময়ে যা ছিল শূন্য দশমিক ৫ টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফোরজি নেটওয়ার্ককে আরও শক্তিশালী করতে বছরের দ্বিতীয় প্রান্তিকে ৭৬২ কোটি ২০ লাখ টাকা মূলধন বিনিয়োগ করেছে কোম্পানিটি। এসময়ে কোম্পানিটি ১ হাজার ৬৪৮ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে, যা দ্বিতীয় প্রান্তিকের আয়ের ৬৬ দশমিক ৩ শতাংশ।
একই সময়ে ৮ লাখ নতুন গ্রাহক যুক্ত হলে কোম্পানিটির মোট গ্রাহক সংখ্যা ৫ কোটি ৬৪ লাখে দাঁড়িয়েছে, যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ৩০ শতাংশ।
এছাড়া নেটওয়ার্কে ১৬ লাখ ফোরজি গ্রাহক যুক্ত করার পর, রবির ফোরজি ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ২৪ লাখে পৌঁছেছে; মোট গ্রাহকের ৫৭ শতাংশ এবং ডেটা ব্যবহারকারীর ৭৫ শতাংশ ফোরজি গ্রাহক।
দেশজুড়ে ১৬ হাজারের বেশি ফোরজি সাইটসহ ৯৮ দশমিক ৫ শতাংশ ফোরজি কভারেজ নিশ্চিত করেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এ প্রান্তিকে রবির ডেটা গ্রাহকরা মাসে গড়ে ৬ দশমিক ৪৩ জিবি ডেটা ব্যবহার করেছেন।
