বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ হবেন দিবালা, বিশ্বাস মরিনিয়োর
আর্জেন্টিনা কোচের এক বোতল ওয়াইন পাঠানো উচিত, মজা করে বললেন জোসে মরিনিয়ো।
প্রথম তিন ম্যাচে শুরুর একাদশে থাকলেও পাননি গোলের দেখা। তবে মোনসার বিপক্ষে জ্বলে ওঠেন পাওলো দিবালা। জোড়া গোল করে দলকে এনে দেন দারুণ এক জয়। আর্জেন্টাইন ফরোয়ার্ডের এমন পারফরম্যান্সে মুগ্ধ রোমার কোচ জোসে মরিনিয়ো। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দিবালা বড় ভূমিকা পালন করবেন বলে মনে করেন তিনি।
ঘরের মাঠে মঙ্গলবার সেরি আর ম্যাচটি ৩-০ গোলে জেতে রোমা। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে মরিনিয়োর দল উঠে যায় তালিকার শীর্ষে।
ইউভেন্তুস থেকে গত জুলাইয়ে রোমাতে যোগ দেওয়া দিবালা প্রথমার্ধে ১৪ মিনিটের মধ্যে করেন দুই গোল। ২০১৮ সালের এপ্রিলের পর এই প্রথম সেরি আর ম্যাচে একটির বেশি গোল করলেন তিনি।
প্রতিযোগিতাটিতে তার মোট গোল হলো ১০০টি। ২০০৪-০৫ মৌসুম থেকে অষ্টম খেলোয়াড় হিসেবে ইতালির শীর্ষ লিগে অন্তত ১০০ গোল ও ৫০ অ্যাসিস্টের কীর্তি গড়লেন তিনি।
২০১৫ সালে দিবালা পালেরমো থেকে পাড়ি দিয়েছিলেন ইউভেন্তুসে। তুরিনের দলটির হয়ে পাঁচটি লিগ ও চারটি ইতালিয়ান কাপ জেতেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ২৯৩ ম্যাচে করেন ১১৫ গোল। চোট ও অসুস্থতা মিলিয়ে সেখানে শেষ দুই মৌসুম খুব একটা ভালো কাটেনি তার।
২৮ বছর বয়সী এই ফুটবলারকে সেরা অবস্থায় রাখতে কাজ করছেন মরিনিয়ো। এই মৌসুমে লিগে চার ম্যাচেই শুরুর একাদশে খেলেছেন তিনি। প্রতিটিতে পরে যদিও বদলি হিসেবে তুলে নেওয়া হয় তাকে।
মোনসা ম্যাচ শেষে দিবালাকে প্রশংসায় ভাসান কোচ মরিনিয়ো। আগের ম্যাচগুলোতে তার গোল না পাওয়ার ব্যাখ্যাও দেন তিনি।
“অন্য ম্যাচগুলোতে সে যা চেয়েছিল, তা ঠিকঠাক করতে পারেনি। তবে কখনই সে ভুল মনোভাব দেখায়নি। আমার মতে, কখনও কখনও এরকম হয় যে প্রতিভাবান কোনো ফুটবলার দলে অবদান রাখে, কিন্তু একটু একা নিজের মতো থাকতে পছন্দ করে। কিন্তু পাওলো এমন এক প্রতিভা, যে শুধু দলের জন্যই খেলে না, দলকে সঙ্গে নিয়ে খেলে।”
মোনসার বিপক্ষে ৬৫তম মিনিটে দিবালাকে তুলে নেন মরিনিয়ো। পর্তুগিজ কোচ জানালেন, ওই সময়ে কী কথা হয়েছিল দুজনের।
“যখন তাকে তুলে নেওয়া হলো, সে আমাকে বলল, ‘বস, আমি খেলা চালিয়ে গেলে আমার তৃতীয় গোল পেতাম।’ তখন আমি তাকে বললাম, (পরের ম্যাচে) ‘উদিনেজের বিপক্ষে গোলটা করো।’”
“তাকে দেখভাল করা গুরুত্বপূর্ণ, কারণ অতীতে চোট-দুর্ভাগ্যে ভুগতে হয়েছে তাকে এবং গত মৌসুমে সে অনেক সময় খেলতে পারেনি। এই মুহূর্তে তার উন্নতি হচ্ছে।”
এরপরই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে মরিনিয়ো বললেন, তার প্রতি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।
“আমাদের জন্য পাওলো দুর্দান্ত। আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, কাতারে সে কী করতে যাচ্ছে। হয়তো আর্জেন্টিনা কোচের আমাদেরকে এক বোতল ওয়াইন পাঠানো উচিত।”
আর্জেন্টিনার হয়ে দিবালার রেকর্ড যদিও তেমন ভালো নয়। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে গোল করেছেন ৩টি।
আগামী নভেম্বর-ডিসেম্বরে হতে যাওয়া কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব।
