বিশ্বকাপে জেমসকে পাচ্ছে না ইংল্যান্ড
৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ২২ বছর বয়সী এই ডিফেন্ডারকে।
কাতার বিশ্বকাপের আগে অনেক বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে। হাঁটুর চোটে বৈশ্বিক আসর থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার রিস জেমস।
নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে শনিবার তার ক্লাব চেলসি জানায়, ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ২২ বছর বয়সী জেমসকে।
চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার এসি মিলানের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পান জেমস। মাঠে চিকিৎসা দেওয়ার পর তাকে উঠিয়ে নেওয়া হয়।
চেলসি জানিয়েছে, বিশেষজ্ঞের সঙ্গে আলোচনার পর সব পক্ষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, জেমস একটি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন।
এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর ‘এ’ গ্রুপের কাতার ও একুয়েডরের ম্যাচ দিয়ে। পরদিন যাত্রা শুরু হবে গ্যারেথ সাউথগেটের দলের, তাদের প্রতিপক্ষ এই গ্রুপের আরেক দল ইরান।
জেমস ছিটকে যাওয়ায় রক্ষণ নিয়ে সমস্যায় পড়তে হতে পারে ইংল্যান্ডকে। চলতি মাসে মাসে কুঁচকির অস্ত্রোপচারের পর থেকে মাঠের বাইরে আছেন আরেক ডিফেন্ডার কাইল ওয়াকার। তার বিশ্বকাপে খেলা নিয়েও রয়েছে সংশয়।
গত মাসে উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ড দল থেকে বাদ পড়া রাইট ব্যাক ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডও ভুগছেন চোট সমস্যায়। লিভারপুলের হয়ে খেলার সময় গোড়ালিতে চোট পান তিনি, এখন চলছে তার সেরে ওঠার প্রক্রিয়া।
জেমসকে হারানো চেলসির জন্যও অনেক বড় ধাক্কা। বৈশ্বিক আসরের জন্য ক্লাব ফুটবলের বিরতির আগে ৯টি ম্যাচ খেলবে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
