২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

আবাহনীকে ফের হারাল মেরিনার্স

প্রিমিয়ার ডিভিশন হকি লিগের প্রথম পর্বেও আবাহনীকে হারিয়েছিল প্রতিযোগিতাটির শিরোপাধারীরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2024, 04:50 PM

Updated : 07 Apr 2024, 11:40 PM

শেষ দিকে মরিয়া চেষ্টায় গোলরক্ষককে তুলে আক্রমণভাগে শক্তি বাড়াল আবাহনী। কিন্তু তাতে কোনো লাভ হলো না। ন্যুনতম ব্যবধানটুকু ধরে রেখে আকাশি-নীলদের আবারও হারাল মেরিনার ইয়াংস।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে মেরিনার্স। প্রিমিয়ার ডিভিশন হকি লিগের প্রথম পর্বের দেখায়ও একই ব্যবধানে জিতেছিল শিরোপাধারীরা।

সুপার সিক্সে টানা দ্বিতীয় জয় পেল মেরিনার্স। ঊষা ক্রীড়া চক্রকে ৫-৩ গোলে হারিয়ে এই পর্ব শুরু করেছিল তারা। বাংলাদেশ পুলিশকে ৭-০ গোলে গুড়িয়ে সুপার সিক্স শুরু করা আবাহনী এই পর্বে পেল প্রথম হারের তেতো স্বাদ।

সব মিলিয়ে মেরিনার্সের বিপক্ষে টানা তিন ম্যাচ হারল আবাহনী। এর আগে ক্লাব কাপের ফাইনালে ও চলতি লিগের প্রথম পর্বে হেরেছিল তারা।

দুই বড় দলের ম্যাচের ডেডলক খোলে ২০তম মিনিটে, পেনাল্টি কর্নার থেকে মেরিনার্সকে এগিয়ে নেন সোহানুর রহমান সবুজ। এই গোলের রেশ থাকতেই ব্যবধান দ্বিগুণ করে নেয় তারা। ২৬তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে লক্ষ্যভেদ করেন ফজলে হোসেন রাব্বী।

একাধিক সুযোগ নষ্ট করা আবাহনী ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় ৩৩তম মিনিটে। ভারতীয় খেলোয়াড় শিশে গাওয়াদ পেনাল্টি কর্নার থেকে নিখুঁত হিটে খুঁজে নেন জাল। সমতায় ফেরা গোলের জন্য শেষের দিকে মরিয়া হয়ে ওঠে আবাহনী।

চতুর্থ ও শেষ কোয়ার্টারের শেষ দিকে গোলরক্ষক সজীবুর রহমানকে তুলে আক্রমণভাগে শক্তি বাড়ায় দলটি। তা সত্ত্বেও মেরিনার্সের জমাট রক্ষণ ভেঙে সমতাসূচক গোল আদায় করে নিতে পারেনি তারা।

সুপার সিক্সে দিনের অন্য ম্যাচে ইশরাত ইকতিদারের জোড়া গোলে অ্যাজাক্স স্পোর্টিংকে ২-১ ব্যবধানে হারিয়েছে ঊষা ক্রীড়া চক্র।

অ্যাজাক্সের শুরুটা ছিল আশা জাগানিয়া। দ্বাদশ মিনিটে জাসম্যান মান্ডার ফিল্ড গোলে এগিয়ে যায় তারা।

দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে ব্যর্থ হওয়ার পর চতুর্থ ও শেষ কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় ঊষা। ৪৬তম মিনিটে সমতা ফেরানোর পর ম্যাচের অন্তিম সময়ে ফিল্ড গোলে ব্যবধান গড়ে দেন ভারতীয় খেলোয়াড় ইকতিদার।