২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারাকানায় মারামারির ঘটনায় ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই জরিমানা

এছাড়াও আগের দুই ম্যাচের ঘটনার জের ধরে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে আর্জেন্টিনার ফেডারেশনকে।

মারাকানায় মারামারির ঘটনায় ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই জরিমানা

গ্যালারির সংঘাতের ঘটনায় সেদিন দল নিয়ে মাঠ ছেড়ে যান আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2024, 12:33 PM

Updated : 11 Jan 2024, 06:18 PM

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মারাকানার গ্যালারিতে গণ্ডগোলের ঘটনায় শুধু স্বাগতিক ব্রাজিল নয়, শাস্তি পেতে হচ্ছে আর্জেন্টিনাকেও। দুই দেশের ফুটবল ফেডারেশনকেই জরিমানা করেছে ফিফা। এছাড়াও আগের ম্যাচগুলির ঘটনার জের ধরে সমর্থকদের সচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালনা করতে নির্দেশ দেওয়া হয়েছে আর্জেন্টাইন ফেডারেশনকে।

স্টেডিয়ামের ‘আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায়’ ব্রাজিলের ফেডারেশনকে ৫০ হাজার সুইস ফ্রাঁ (৫৯ হাজার ডলার) জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। ‘স্টেডিয়ামের ভেতরে বা আশেপাশে শৃঙ্খলার ঘাটতির’ দায়ে আর্জেন্টিনার ফেডারেশনকে জরিমানা করা হয়েছে ২০ হাজার সুইস ফাঁ (২৩ হাজার ডলার)।

গত নভেম্বরে রিও দে জেনেইরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বির মাঠের লড়াই শুরুর আগেই গ্যালারিতে শুরু হয় সমর্থকদের লড়াই। খেলা শুরুর একটু আগে দুই দলের সমর্থকরা সংঘাতে জড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ছুটে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। বরং পুলিশের সঙ্গেও লেগে যায় দর্শকদের। দ্রুতই পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে।

Image

খেলা শুরুর একটু আগে মারামারি শুরু হয় গ্যালারিতে। 

উত্তপ্ত পরিস্থিতিতে বেশ খানিকটা সময় অপেক্ষা করে সতীর্থদের নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সেসময় ব্রাজিলের খেলোয়াড়রা ছিলেন মাঠেই। রেফারিদেরও অপেক্ষা করতে দেখা যায়। গ্যালারি শান্ত হলে প্রায় আধ ঘণ্টা পর দল নিয়ে মাঠে ফেরেন মেসি। পরে খেলা শুরু হয়। আর্জেন্টিনা ম্যাচটি জিতে নেয় ১-০ গোলে।

ম্যাচের পরপরই ফিফা তদন্তের ঘোষণা দিয়েছিল। এবার এলো শাস্তির ঘোষণা।

আর্জেন্টিনার শাস্তি শেষ নয় এখানেই। বিশ্বকাপ বাছাইয়ে আগের দুটি ম্যাচেও আর্জেন্টাইন সমর্থেকরা অসাদাচরণ করায় আর্জেন্টাইন ফেডারেশনকে নির্দেশ দেওয়া হয়েছে সমর্থকদের বৈষম্য-বিরোধী শিক্ষা কার্যক্রম পরিচালনায় আরও ৫০ হাজার সুইস ফ্রাঁ খরচ করতে।

ঘরের মাঠে উরুগুয়ে ও একুয়েডরের বিপক্ষে ওই দুটি ম্যাচে বৈষ্যম্যমূলক আচরণের অভিযোগ আনা হয়েছিল আর্জেন্টাইন সমর্থকদের বিরুদ্ধে।

পাশাপাশি আরও ৫০ হাজার সুইস ফ্রাঁ স্থগিত জরিমানাও করা হয়েছে আর্জেন্টাইন ফেডারেশনকে। ৬ মাসের মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা না করলে এই জরিমানা গুনতে হবে।

আর্জেন্টিনার শাস্তি আছে আরও। বাছাইপর্বে তাদের মাঠে সামনের কোনো একটি ম্যাচে মোট আসনের অর্ধেক খালি রাখার নিদের্শ দেওয়া হয়েছে আর্জেন্টাইন ফেডারেশনকে। ঘরের মাঠে তাদের পরের ম্যাচ চিলির বিপক্ষে আগামী সেপ্টেম্বরে।

একই ধরনের শাস্তি হয়েছে চিলি, কলম্বিয়া ও উরুগুয়েরও। বৈষম্য-বিরোধী শিক্ষা কার্যক্রমে ৮০ হাজার সুইস ফ্রাঁ ব্যয় করতে নিদের্শ দেওয়া হয়েছে চিলির ফেডারেশনকে। কলম্বিয়া ও উরুগুয়ের ফেডারেশনকে এই খাতে খরচ করতে হবে ৩০ হাজার সুইস ফ্রাঁ।

আফ্রিকা মহাদেশে শাস্তির শিকার হয়েছে মালি। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে ম্যাচ অফিসিয়াল, প্রতিপক্ষের ফুটবলার ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে তাদেরকে।