নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা
২০২৪-২৫ আসরে খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া ক্লাবগুলোকে এই অর্থ দেবে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রা সংস্থা।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রা সংস্থা উয়েফা জানিয়েছে, নেশন্স লিগের ২০২৪-২৫ আসরে খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া ক্লাবগুলোকে মোট তিন কোটি ১৫ লাখ ইউরো দেবে তারা।
এই অর্থ প্রদান ‘উয়েফা ক্লাব বেনিফিটস প্রোগ্রাম’-এর আওতাভুক্ত। এটি উয়েফা ও ইউরোপিয়ান ফুটবল ক্লাবসের (ইএফসি) মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের একটি অংশ।
ইউরোপজুড়ে আটশর বেশি ক্লাবের প্রতিনিধিত্ব করে ইএফসি।
উয়েফা মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ‘এই অর্থ সেই ১০ কোটি ৪০ লাখ ইউরোর তহবিলের অংশ, যা ২০২৪-২৫ ও ২০২৬-২৭ নেশন্স লিগ ও ২০২৮ ইউরোর বাছাইপর্বে খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দেওয়া ক্লাবগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে।”
এই ধাপে জার্মানির ক্লাব আরবি লাইপজিগ সর্বোচ্চ অর্থ পাবে; তাদের ১৬ জন খেলোয়াড়কে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য তারা প্রায় তিন লাখ ৫৩ হাজার ইউরো পাবে।
২০২৪-২৫ নেশন্স লিগের ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে পর্তুগাল। ২০২৬-২৭ আসর শুরু হয়েছে গত সপ্তাহে।
