মারাকানায় ছিয়াশি না নব্বইয়ের পুনর্মঞ্চায়ন?
২৮ বছর আগের মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামের দুপুরটিতে ফিরে ফিরে যাচ্ছে আর্জেন্টিনা। স্মৃতির রেলগাড়িতে চেপে জার্মানির প্রত্যাবর্তন ২৪ বছর আগের রোমের অলিম্পিক স্টেডিয়ামে সেই রাতে। ১৯৮৬ ও ১৯৯০ সালের বিশ্বকাপ জয়ই যে দেশ দুটির ফুটবল রূপকথার সর্বশেষ পৃষ্ঠা, যাতে হিরণ্ময় আরেকটি অধ্যায় যোগ করার সুযোগ আর্জেন্টিনা-জার্মানির সামনে।
রিও দে জেনেইরোর মারাকানায় রোববার স্থানীয় সময় বিকেল চারটায় ( বাংলাদেশ সময় রাত একটায়) শুরু হওয়া ফাইনালে ফিরবে আজতেকা নাকি অলিম্পিকো?
জার্মানি জিতলে সেটি হবে তাদের চতুর্থ বৈশ্বিক শিরোপা। আর্জেন্টিনার ক্ষেত্রে তা তৃতীয়। কাটখোট্টা পরিসংখ্যানই জানান দেবে এই তথ্য। তবে এটি জানাবে না একজন ফুটবল-নায়কের মহানায়ক হওয়ার হাতছানির খবর। আর্জেন্টিনা যদি শিরোপা জিততে পারে, তাহলে লিওনেল মেসি নিশ্চিতভাবেই হবেন ‘দিয়েগো মারাদোনা’। স্বয়ং মারাদোনাই তো বলেছেন, মারাকানার মহামঞ্চে মেসি কাপ উঁচিয়ে ধরতে পারলে স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে দেবেন তিনি।
সর্বকালের সেরার ছোট্ট তালিকায় ব্রাকেটবন্দী হওয়ার এই সুযোগটা কি হেলায় হারাবেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর।
ব্রাজিল বিশ্বকাপের চিত্রনাট্য কিন্তু ’৯০-এর চেয়ে ’৮৬-র সঙ্গেই মিলে বেশি; বিশেষত আর্জেন্টিনা ও মেসির ক্ষেত্রে। সেবার দিয়েগো মারাদোনার নামের ছোটখাট গড়নের এক যুবক একাই ম্যাচের পর ম্যাচ টেনে নিয়েছেন দলকে। ধারাবহিকতায় গড়পড়তা দলকে করেছেন চ্যাম্পিয়ন। এবার তার উত্তরসূরি মেসি করছেন ঠিক সেই কাজটিই। গ্রুপ পর্বে বসনিয়া-হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়াকে হারানো তিন ম্যাচেই খুদে জাদুকরের গোল।
দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে গোল পাননি, তবে জাদুকরী পাসে খুলে দিয়েছেন জয়সূচক গোলের পথ। কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ফল নির্ধারণী গোলের সূচনা মেসিতেই; তুলনায় সেমি-ফাইনালে ছিলেন কিছুটা নিষ্প্রভ। ফাইনালে কি আবার স্বরূপে ফিরবেন?
মেসি কিন্তু ভীষণ মরিয়া। ক্যারিয়ারের সব অর্জনের বিনিময়ে বিশ্বকাপ ট্রফিতে চুমু এঁকে দিতে চান তিনি, “আর একটা ধাপ পেরোলেই আমার স্বপ্ন সত্যি হবে। সেজন্য ক্যারিয়ারে এখন পর্যন্ত যা যা জিতেছি, সব কিছু বিসর্জন দিতে রাজি আছি। এমনকি ফিফা-ব্যালন ডি’অরও। কারণ ওই পুরস্কারের চেয়েও বিশ্বকাপের মূল্য বেশি। এর সঙ্গে আর কোনো কিছুর তুলনা হয় না।”
বিশ্বকাপ নিয়ে বলা মেসির কথাটি তার ক্ষেত্রে যেমন সত্যি, তেমনি তো জার্মানদের ক্ষেত্রেও। ট্রফি জিততে সমান ব্যাকুল তারাও। আর বিশ্বকাপ ফাইনালের মঞ্চে সম্ভাব্য মহানায়কদের বিমুখ করাটা তো জার্মানদের কাছে নতুন কিছু না। ১৯৫৪ সালের পুসকাস, ১৯৭৪-এর ইয়োহান ক্রুইফ কিংবা ১৯৯০-এর দিয়েগো মারাদোনার নীরব-সরব কান্নাই এর প্রমাণ। ওই দুর্ভাগাদের দলে আজ মেসিকে ঠেলে দেওয়া জার্মানদের সাফল্যের পূর্বশর্ত।
আর কোনো দল যদি মেসিকে বিমুখ করতে পারে, সেটি জার্মানিই। গ্রুপ পর্বে পর্তুগালকে ৪-০ গোলে গুঁড়িয়ে দেওয়া শুরুতে সামর্থ্যের ঘোষণা ছিল। এরপর ঘানার সঙ্গে ২-২ গোলের ড্র, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১-০ গোলের জয় কিংবা দ্বিতীয় রাউন্ডে আলজেরিয়ার বিপক্ষে ২-১ ও কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলের জয়ে হয়তো তাদের সেই সর্বজয়ী রূপ দেখা যায়নি। দেখা গেল আবার সেমি-ফাইনালে এসে। ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে ৭-১ গোলে হারানোটা তো প্রায় অপার্থিব অর্জন। তো তাদের অত বড় ব্যবধানে হারাতে পারলে আর্জেন্টিনাকে ন্যূনতম ব্যবধানেও নয় কেন! দক্ষিণ আমেরিকা থেকে কাপজয়ী প্রথম ইউরোপিয়ান দল তাহলে হবে জার্মানিই।
জার্মান শিবিরের দৃষ্টি সেই ইতিহাসগড়া সাফল্যের দিকেই। কোচ ইওয়াখিম লুভ তো রাখঢাক না রেখে সেটি বলেই দিয়েছেন, “আমাদের সামনে এখন ইতিহাস লেখার সুযোগ। অতীতে লাতিন আমেরিকায় সবসময় ওই মহাদেশের দলগুলোই প্রাধান্য বিস্তার করেছে। এবার আমরা ইউরোপিয়ান দল হয়ে এখান থেকে ট্রফি নিয়ে যেতে পারলে সেটি হবে বাড়তি আনন্দ।”
সেই আনন্দ যে নিরানন্দে রূপান্তরের সামর্থ্য লিওনেল মেসির আছে, সেটি ভালো করেই জানা জার্মান কোচের। তবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারীসহ কাউকেই ভয় পাচ্ছেন না লুভ, “জার্মানি কাউকে ভয় পায় না। নিজেদের খেলাটা খেলতে পারলে যে জিতব, এই আত্মবিশ্বাস আছে আমাদের।”
তবে জার্মান কোচ মনে করিয়ে দিলেন, প্রতিপক্ষ দল মানে শুধু মেসি নয়। দি মারিয়া, হিগুয়াইন, আগুয়েরোর মতো ফুটবলারও আছে ওদের। আর দলটিও ২০১০ সালের চেয়ে ভালো সংগঠিত।
লুভ চার বছর আগের কথা মনে করিয়ে দিলেন কেন? আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ৪-০ গোলের জয়টি মনে করিয়ে দিতেই হয়তো!
জার্মানির যেমন প্রতিপক্ষে সমীহ, আর্জেন্টিনারও তাই। আর ফাইনালে জয় ছাড়া অন্য কোন লক্ষ্য কবে ছিল কোন দলের! সের্হিয়ো আগুয়েরো সেই চেনা গন্তব্যে পৌঁছার স্বপ্নের কথাই বলেছেন, “জার্মানি গ্রেট দল। ব্রাজিলকে যেমনভাবে ওরা হারিয়েছে, তেমনিভাবে হারাতে পারে যে কোনো দলকে। তবে আমাদের আক্রমণভাগের ফুটবলাররাও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর আমরা ফাইনাল খেলছি জয়ের জন্যই।”
স্বপ্ন দেখছে জার্মানি, স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। অথচ ঘরের মাঠে পর হয়ে ব্রাজিল কেবলই ফাইনালের দর্শক। জার্মানি-আর্জেন্টিনার তাতে বয়েই গেছে! ফুটবলতীর্থ মারকানায় তারা বরং তীর্থের কাকের মতো প্রতীক্ষায় সোনালী ওই ট্রফির জন্য। এক দলের অপেক্ষা ২৪ বছরের, অন্য দলের ২৮। সেই হাহাকার ঘুচবে কাদের? মারাকানায় ফিরবে ১৯৮৬ নাকি ১৯৯০?
