ফাইনালের কুশীলবরা: জার্মানি
রিও দে জেনেইরোর মারাকানায় আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির হয়ে শুরুর একাদশে থাকতে পারেন তারা। ২৪ বছর পর দলকে শিরোপা এনে দিতে প্রস্তুত ব্রাজিল বিশ্বকাপ ফাইনালের কুশীলবরা।
গোলরক্ষক: মানুয়েল নয়ার (২৮ বছর, ৫১ ম্যাচ), বায়ার্ন মিউনিখ
বিপদ দেখলে ডি বক্সের বাইরে আসতেও দ্বিধা করেন না নয়ার। আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বেশ কয়েকবার এগিয়ে এসে দলকে বিপদ থেকে রক্ষা করেন তিনি।
ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে শেষ সময়ে করিম বেনজেমার একটি প্রচেষ্টা দারুণ দক্ষতায় এক হাতে ফিরিয়ে দেন নয়ার। ব্রাজিলের বিপক্ষে সেমি-ফাইনালে দ্বিতীয়ার্ধে তিনটি আক্রমণ থেকে দলকে রক্ষা করেন তিনি।
বিশ্বকাপে নয়ারের (৮৫.২ শতাংশ) চেয়ে বেশি সেভের কৃতিত্ব আছে কেবল কোস্টা রিকার কেইলর নাভাসের (৯১.৩ শতাংশ)।
রাইট ব্যাক: ফিলিপ লাম (বয়স ৩০, ম্যাচ ১১২), বায়ার্ন মিউনিখ
লাম বিশ্বসেরা রাইট ব্যাকদের ছোট্ট তালিকাতেই আছেন। টুর্নামেন্টের শুরুতে সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকাতে ছিলেন তিনি। তবে সেখানে খুব একটা কার্যকর ছিলেন না তিনি। পরে নিজ জায়গায় অর্থাৎ রাইট ব্যাকে ফিরে নিজের মানের প্রমাণ দেন জার্মানির অধিনায়ক। চমৎকার পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন তিনি।
বিশ্বকাপে লামের (৪৫০) চেয়ে বেশি ছোট পাস দেননি আর কোনো খেলোয়াড়।
সেন্টার ব্যাক: জেরোম বোয়াটেং (বয়স ২৫, ম্যাচ ৪৫), বায়ার্ন মিউনিখ
জার্মানির শেষ ১১টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন বোয়াটেং।
সেন্টার ব্যাক: মাটস হুমেলস (বয়স ২৫, ম্যাচ ৩৫), বরুসিয়া ডর্টমুন্ড
ফ্লু আর চোটের সঙ্গে লড়াই করা হুমেলস আক্রমণেও জার্মানির অন্যতম ভরসা। রক্ষণের পাশাপাশি বাতাসেও খুব দক্ষ হুমেলস। কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে একমাত্র গোলটি আসে তার হেড থেকে। এর আগে পর্তুগালের বিপক্ষেও হেড থেকে একটি গোল করেন তিনি।
লেফট ব্যাক: বেনেডিক্ট হুভেডেস (বয়স ২৬, ম্যাচ ২৭), শালকে ০৪
এবারের আসরে জার্মানির যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি ট্যাকল করেন হুভেডেস (১৫)।
সেন্ট্রাল মিডফিল্ডার: সামি খেদিরা (বয়স ২৭, ম্যাচ ৫১), রিয়াল মাদ্রিদ
সেন্ট্রাল মিডফিল্ডার: বাস্টিয়ান শোয়াইনস্টাইগার (বয়স ২৯, ম্যাচ ১০৭), বায়ার্ন মিউনিখ
জার্মানির হয়ে বিশ্বকাপে ১৯ ম্যাচ খেলেন শোয়াইনস্টাইগার। তার চেয়ে বেশি ম্যাচ খেলার কৃতিত্ব আছে কেবল লোথার মাথাউস, মিরোস্লাভ ক্লোসা ও ফিলিপ লামের।
অ্যাটাকিং মিডফিল্ডার: টমাস মুলার (বয়স ২৪, ম্যাচ ৫৫)
বিশ্বকাপের দুটি ভিন্ন আসরে পাঁচটি করে গোলের কৃতিত্ব দেখানোদের ছোট্ট তালিকায় ঢুকে গেছেন মুলার। সতীর্থ ক্লোসা ছাড়া এই কৃতিত্ব আছে তিওফিলো কুবিয়াসের। বিশ্বকাপে মাত্র ১২ ম্যাচে ১০ গোল করেন মুলার। আর অবদান রাখেন ছয় গোলে।
পর্তুগালের বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে শুরু করা মুলার পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার দুই নম্বরে আছেন। তার চেয়ে বেশি গোল আছে কেবল কলম্বিয়ার হামেস রদ্রিগেসের (৬)।
অ্যাটাকিং মিডফিল্ডার: টনি ক্রুস (বয়স ২৪, ম্যাচ ৪৩), বায়ার্ন মিউনিখ
ফ্রান্সের বিপক্ষে একমাত্র গোলের উৎস ছিলেন ক্রুস। আর ব্রাজিলের বিপক্ষে সেমি-ফাইনালে জোড়া গোল আসে তার পা থেকে। গোল্ডেন বলের সংক্ষিপ্ত তালিকায় থাকা ক্রুস বিশ্বকাপে জার্মানির হয়ে কেবল দুই মিনিট খেলেননি।
বিশ্বকাপে যে কারোর চেয়ে বেশিবার বল স্পর্শ করেন ক্রুস (৬০৬)। আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ১৩৫ বার বল স্পর্শ করেন তিনি।
অ্যাটাকিং মিডফিল্ডার: মেসুত ওজিল (বয়স ২৫, ম্যাচ ৬১ ম্যাচ), আর্সেনাল
বিশ্বকাপে ওজিলের (১৫) চেয়ে বেশি সুযোগ জার্মানির আর কোনো খেলোয়াড় তৈরি করে দিতে পারেননি।
স্ট্রাইকার: মিরোস্লাভ ক্লোসা (বয়স ৩৬, ম্যাচ ১৩৬), লাৎসিও
এবার শিরোপার লক্ষ্যে ক্লান্তিহীন মনে হচ্ছে ৩৬ বছর বয়সী লাৎসিওর এই স্ট্রাইকারকে। জার্মান দলে তিনিই একমাত্র খেলোয়াড় যার বিশ্বকাপের (২০০২) ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে।
বিশ্বকাপে ক্লোসার (২৩) চেয়ে বেশি ম্যাচ খেলার কৃতিত্ব আছে কেবল ১৯৯০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাথাউসের (২৫)।
