ফাইনালের কুশীলবরা: আর্জেন্টিনা
মারাকানায় জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শুরুর একাদশে থাকতে পারেন তারা। ২৮ বছর পর দলকে শিরোপা এনে দিতে প্রস্তুত ব্রাজিল বিশ্বকাপ ফাইনালের কুশীলবরা।
গোলরক্ষক: সের্হিও রোমেরো (২৭ বছর, ৫৩ ম্যাচ), সাম্পদোরিয়া
১ দশমিক ৯২ মিটার লম্বা সের্হিও রোমেরো বিশ্বকাপে চারটি ম্যাচে গোল না খাওয়া আর্জেন্টিনার একমাত্র গোলরক্ষক।
রাইট-ব্যাক: পাবলো সাবালেতা (২৯ বছর, ৪২ ম্যাচ), ম্যানচেস্টার সিটি।
ডান প্রান্ত দিয়ে এই ডিফেন্ডারের শক্তিশালী দৌড় অনেক সময়ই আর্জেন্টিনার আক্রমণে বাড়তি মাত্রা তৈরি করে। তবে নিজের আসল দায়িত্বটা কখনোই তিনি ভোলেন না।
সেন্টার-ব্যাক: মার্তিন দেমিচেলিস (৩৩ বছর, ৪০ ম্যাচ), ম্যানচেস্টার সিটি
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রতিপক্ষের পাস আটবার আটকে দেন দেমিচেলিস।
সেন্টার-ব্যাক: এসেকিয়েল গারায় (২৭ বছর, ২৪ ম্যাচ), জেনিত সেন্ত পিতার্সবার্গ
ব্রাজিল বিশ্বকাপে ৮৮ শতাংশ সঠিক পাস দিয়েছেন গারায়। আর্জেন্টিনার অন্য সব ডিফেন্ডারদের চেয়ে হেডে দলকে সবচেয়ে বেশিবার (৩৬) বিপদমুক্ত করেন গারায়। বাতাসে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে ১৯টি জেতেন তিনি, আর্জেন্টিনার অন্য যে কোনো খেলোয়াড়দের চেয়ে যা ১০টি বেশি।
লেফট-ব্যাক: মার্কোস রোহো (২৪ বছর, ২৭ ম্যাচ), স্পোর্তিং লিসবন
আর্জেন্টিনার অন্য যে কোনো ডিফেন্ডারের চেয়ে বেশি ট্যাকল করেছেন রোহো (১৭টি)। রক্ষণ থেকে উঠে গিয়ে সবচেয়ে বেশি সুযোগও তৈরি করেন তিনিই (৭টি)।
সেন্টার মিডফিল্ড: হাভিয়ের মাসচেরানো (৩০ বছর, ১০৪ ম্যাচ), বার্সেলোনা
নেদারল্যান্ডসের বিপক্ষে সেমি-ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের যোগ করা সময়ে আরিয়েন রবেনকে বক্সের মধ্যে একটি অসাধারণ ট্যাকল করেন তিনি। লিভারপুলের সাবেক মিডফিল্ডার এই বিশ্বকাপে আর্জেন্টিনা দলের মাঝমাঠের ঢাল হয়ে আছেন।
ব্রাজিল বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি (৫০৯টি) পাস দিয়েছেন হাভিয়ের মাসচেরানো। বিশ্বকাপের সবচেয়ে বেশি (২৮টি) ট্যাকলও তার।
রাইট মিডফিল্ড: লুকাস বিগলিয়া (২৮ বছর, ২৫ ম্যাচ), লাৎসিও
নেদারল্যান্ডসের বিপক্ষে ৯০ শতাংশ সঠিক পাস দেন বিগলিয়া। এই ম্যাচে ৩টির বেশি পাস দেয়া আর্জেন্টিনার মিডফিল্ডারদের মধ্যে সঠিক পাসের সবচেয়ে বেশি হার তারই।
লেফট মিডফিল্ড: এনসো পেরেস (২৮ বছর, ১০ ম্যাচ), বেনফিকা
২০০৯ সালে কোপা লিবার্তাদোরেস জয়ী আলেহান্দ্রো সাবেইয়ার এস্তুদিয়ান্তেস দলের সদস্য ছিলেন পেরেস।
আর্জেন্টিনার হয়ে খেলা ১০ ম্যাচের মাত্র একটিতেই পুরো ৯০ মিনিট খেলেন পেরেস। ম্যাচটি ছিল স্লোভেনিয়ার বিপক্ষে।
ফরোয়ার্ড: গনসালো হিগুয়াইন (২৬ বছর, ৪২ ম্যাচ), নাপোলি
এই বিশ্বকাপে ২০১০-এর চেয়ে দুটি ম্যাচ বেশি খেললেও গোল করেন মাত্র ১টি। গত বিশ্বকাপে ৪ গোল করেছিলেন তিনি। এই বিশ্বকাপে গোলে শটও কম নেন হিগুয়াইন। মাত্র ১০টি, গত বিশ্বকাপে গোলে শট নিয়েছিলেন ১৩টি।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (২৭ বছর, ৯২ ম্যাচ), বার্সেলোনা
নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে জোড়া গোল করেন বার্সেলোনা ফরোয়ার্ড। প্রথম চার ম্যাচে মেসির পারফরম্যান্স দেখে অনেকেই মনে করেছিলেন, এবার নি:সন্দেহে বিশ্বকাপ শিরোপার অপূর্ণতা ঘোচাতে যাচ্ছেন তিনি।
তবে নেদারল্যান্ডসের বিপক্ষে তার পারফরম্যান্স হতাশ করেছে অনেককেই। ওই ম্যাচে ১২০ মিনিটের খেলায় একবারও ডাচদের পেনাল্টি বক্সে বল স্পর্শ করতে পারেননি তিনি।
লিওনেল মেসি তার সতীর্থদের জন্য ২১টি সুযোগ তৈরি করেন। এই বিশ্বকাপে যেকোনো খেলোয়াড়ের চেয়ে এটা বেশি।
ফরোয়ার্ড: এসেকিয়েল লাভেস্সি (২৯ বছর, ৩৬ ম্যাচ), পিএসজি
দলে 'জোকার' হিসেবে পরিচিত লাভেস্সি কিন্তু গতি আর স্কিলে অনন্য এক খেলোয়াড়ই।
এই বিশ্বকাপে লাভেস্সি শট নিয়েছেন মাত্র দুটি, যা অন্য আর্জেন্টিনার যে কোনো খেলোয়াড়ের চেয়ে কম।
