যেভাবে ফাইনালে জার্মানি
জার্মানি রেকর্ড আটবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠলেও পুরো টুর্নামেন্টে তাদের খেলায় ছন্দের অভাব ছিল যথেষ্ট। তবে ব্রাজিলকে তাদের সবচেয়ে বড় হারের লজ্জায় ডুবিয়ে যেভাবে ফাইনালে উঠেছে ইউরোপের দলটি, তাতে অনেকেই জার্মানিকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখতে শুরু করেছে।
রিও দে জেনেইরোর মারাকানায় রোববার বাংলাদেশ সময় রাত ১টায় চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে আর্জেন্টিনার মুখোমুখি হবে জার্মানি।
গ্রুপ পর্ব:
১৬ জুন, সালভাদর, জার্মানি ৪ : ০ পর্তুগাল
অন্যতম ফেভারিট হিসেবে ব্রাজিলে আসা জার্মানির বিশ্বকাপ অভিযানের শুরুটা ছিল দুর্দান্ত। ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে ৪-০ গোলে উড়িয়ে দেয়া সেই ম্যাচের নায়ক টমাস মুলার। হ্যাটট্রিক করে ম্যাচসেরাও তিনি।
‘ফলস নাম্বার নাইন’ হিসেবে খেলতে নেমে মুলার খেলেন আসল 'নাম্বার নাইন’ এর মতো। ম্যাচের ১২, ৪৫ ও ৭৮তম মিনিটে গোল তিনটি করেন তিনি। মাঝে অন্য গোলটি করেন মাটস হুমেলস।
২১ জুলাই, ফরতালেজা, জার্মানি ২ : ২ ঘানা
প্রথম ম্যাচে অমন অসাধারণ এক জয়ে আকাশে উড়তে থাকা জার্মানিকে পরের ম্যাচেই মাটিতে নামিয়ে আনে ঘানা।
মারিও গোটসের গোলে ৫১তম মিনিটে জার্মানি এগিয়ে গেলেও তিন মিনিট পরেই ম্যাচে সমতা ফেরান আন্দ্রে আইয়ু। ৬৩তম মিনিটে আসামোয়াহ জিয়ানের গোলে এগিয়েও যায় ঘানা।
৯ মিনিটের মধ্যে দুটি গোল করে দারুণভাবে ছন্দে ফেরা ঘানার অঘটনের শিকারও হতে পারতো জার্মানি। তবে ৭০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার এক মিনিটের মধ্যে দলকে সমতায় ফেরার মিরোস্লাভ ক্লোসা।
এই গোলটি দিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদোর ১৫ গোলের রেকর্ড স্পর্শ করেন ক্লোসা।
দলকে এগিয়ে দেয়া প্রথম গোল এবং সৃজনশীল খেলায় ম্যাচ সেরা হন গোটসে।
২৬ জুন, রেসিফে, জার্মানি ১ : ০ যুক্তরাষ্ট্র
গ্রুপের শেষ রাউন্ডে আবার জয়ে ফিরে জার্মানি। আর গ্রুপ সেরা হতে দলকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দেয়ার ম্যাচে একমাত্র গোলটি করেন মুলার।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে বুলেট গতির কোনাকুনি শটে বল জালে পাঠান মুলার। দ্বিতীয়বারের মতো ম্যাচ সেরা হন তিনি।
দ্বিতীয় রাউন্ড:
৩০ জুন, পোর্তো আলেগ্রে, জার্মানি ২ : ১ আলজেরিয়া
দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে জার্মানির আক্রমণভাগকে কঠিন পরীক্ষায় ফেলেন আলজেরিয়ার গোলরক্ষক রাইস বোলহি। শেষ পর্যন্ত হার ঠেকাতে না পারলেও একের পর এক দুর্দান্ত সব সেভ করে জার্মানিকে অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে যান তিনি।
বোলহির বাধা এড়িয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে জার্মানিকে এগিয়ে দেন আন্দ্রে শুরলে। আর ম্যাচ শেষের এক মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন মেসুত ওজিল।
অন্তিম মুহূর্তে এবারের বিশ্বকাপের একমাত্র আরব দেশটি ব্যবধান কমালেও বাড়তি কোনো নাটকীয়তা তৈরির সময় পায়নি। শেষ আটে ওঠে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
তবে শক্তিশালী প্রতিপক্ষের আক্রমণভাগকে কঠিন পরীক্ষায় ফেলে ম্যাচ সেরা হন বোলহি।
কোয়ার্টার-ফাইনাল:
৪ জুলাই, রিও দে জেনেইরো, জার্মানি ১ : ০ ফ্রান্স
পর্তুগালকে বিধ্বস্ত করে দুর্দান্তভাবে বিশ্বকাপ অভিযান শুরু করা জার্মানির সেই ছন্দ বা খুনে মানসিকতা এই ম্যাচেও ছিল না। তবে হুমেলসের গোলে ১৩তম মিনিটেই এগিয়ে যায় তিনবারের চ্যাম্পিয়নরা। টনি ক্রুসের ভাসানো বল থেকে হেড করে লক্ষ্যভেদ করেন হুমেলস।
প্রথম ম্যাচের ছন্দ না থাকলেও ব্যবধান বাড়ানোর সুযোগ কয়েকবার পেয়েছিল জার্মানি, কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় গোলের দেখা আর মেলেনি। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠা ফরাসিরাও বেশ কয়েকটি সুযোগ পায় কিন্তু গোলরক্ষক মানুয়েল নয়ারকে পরাস্ত করতে না পারায় বিদায় এড়াতে পারেনি তারা।
জয়সূচক গোলের পাশাপাশি রক্ষণেও অবদান রাখায় ম্যাচ সেরা হন হুমেলস।
সেমি-ফাইনাল:
৮ জুলাই, বেলো হরিজন্তে, জার্মানি ৭ : ১ ব্রাজিল
বিশ্বকাপ ইতিহাসের এক অবিশ্বাস্য ম্যাচের জন্ম দেয় জার্মানি। স্বাগতিক ব্রাজিলকে চরম লজ্জায় ফেলে ফাইনালে ওঠে তারা।
গোলবন্যার এই ম্যাচে ১১তম মিনিটে ব্রাজিলের জাল খুঁজে পান মুলার। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লোসা। এই গোলটি দিয়ে রোনালদোকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নেন ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার।
ক্লোসার রেকর্ড গড়ার পর দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ম্যাচ সেরা টনি ক্রুস। আর ২৯তম মিনিটে ব্যবধান ৫-০ করেন সামি খেদিরা। দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল করেন শুরলে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্রাজিলের একমাত্র গোলটি করেন অস্কার।
বিশ্বকাপের সেমি-ফাইনালে এর আগে এতবড় জয় পাইনি কোনো দল।
