মারাকানায় ট্রফি উন্মোচনে পুয়োলের সঙ্গে বিনশেন
ফাইনালের আগে আরো একবার উন্মোচন করা হবে বিশ্বকাপ ট্রফি। মারাকানা স্টেডিয়ামে এই কাজটি করবেন স্পেনের বিশ্বকাপ জয়ী দলের ডিফেন্ডার কার্লোস পুয়োল আর ব্রাজিলের শীর্ষস্থানীয় মডেল জিজেলে বিনশেন।
রোববার রিও দে জেনেইরোয় শিরোপা লড়াইয়ে জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা। খেলা শুরু হওয়ার আগে মারাকানায় বিশ্বকাপ ট্রফি উন্মোচন করবেন পুয়োল-বিনশেন। এই ট্রফিই উঠবে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ট্রফি উন্মোচন করেছিলেন আগের আসরে শিরোপা জেতা ইতালির অধিনায়ক ফাবিও কান্নাভারো।
কয়েক সপ্তাহ আগে ফ্যাশন সাময়িক ভোগের ফটোশুটে ব্রাজিল তারকা নেইমারের সঙ্গে জুটি গড়েছিলেন সুপার মডেল বিনশেন। ব্রাজিলের দুই তারকার এই মেলবন্ধনকে ভোগের প্রচ্ছদে বলা হয়েছে 'ড্রিম টিম'।
