ফাইনাল নিয়ে মনোযোগ জার্মান কোচের
ব্রাজিলকে ৭-১ গোলে উড়িয়ে দেয়ার পর ম্যাচ শেষে খুব একটা উচ্ছ্বাস দেখাননি ইওয়াখিম লুভ। প্রতিপক্ষ কোচকে সমবেদনা জানিয়ে ফাইনাল নিয়েই মনোযোগী হয়ে পড়লেন জার্মানির কোচ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অন্যতম টপ ফেভারিটদের ওভাবে বিধ্বস্ত করতে পারায় উচ্ছ্বাসও ছিল ক্ষণিকের জন্যে। মারাকানার যে ভিন্ন প্রতিপক্ষ তা মনে করিয়ে দিলেন তিনি।
“আমরা ম্যাচটা জিতেছি। আমরা বিশ্বকাপের ফাইনালে ভিন্ন এক প্রতিপক্ষের মুখোমুখি।”
চূড়ান্ত বিজয়ের প্রস্তুতিটাও এবার সারতে চান লুভ। তবে সেখানেও এলো ব্রাজিল ম্যাচ প্রসঙ্গ।
“আমরা ভাগ্যবান ছিলাম যে স্বাগতিকরা স্তম্ভিত হয়ে গিয়েছিল। এখন ফাইনালের জন্য আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে।”
বিশ্বকাপের সেমি-ফাইনালে সবচেয়ে বড় জয়টি এখন জার্মানির। পাঁচবারের চ্যাম্পিয়নদের দুমড়ে মুচড়ে পাওয়া এমন এক বিজয়ের পর চূড়ান্ত সাফল্যের আশা করতেই পারে জার্মানির সমর্থকরা।
আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অন্য সেমি-ফাইনালের বিজয়ীদের বিপক্ষে আগামী রোববার ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে নামবে জার্মানি।
