ব্রাজিলকে সমবেদনা জার্মান কোচের!
মাঠে যে প্রতিপক্ষকে বিধ্বস্ত করলো তার দল, ম্যাচ শেষে তাদেরকেই সমবেদনা জানালেন জার্মানির কোচ ইওয়াখিম লুভ। ব্রাজিলকে সান্ত্বনা দিতেই যেন মনে করলেন ২০০৬ বিশ্বকাপের সেমি-ফাইনালে স্বাগতিক জার্মানির হারের কষ্টকর স্মৃতি।
জার্মানির কাছে ৭-১ বিধ্বস্ত হয়ে ফাইনালে ওঠতে পারেনি 'হেক্সা' জয়ের স্বপ্ন দেখে আসা ব্রাজিল।
ব্রাজিলকে সমবেদনা জানাতে লুভ বলেন, “আমরাও হতবাক হয়ে গিয়েছিলাম, ২০০৬ সালে এই একই অভিজ্ঞতা হয়েছিল আমাদের।”
জার্মান কোচ মনে করেন, ব্রাজিলও নিশ্চয় এবার হতবাক হয়ে গেছে। কারণ, তারা যে এভাবে পিছিয়ে পড়তে পারে এটা তারা ভাবতে পারেনি।
আট বছর আগে দেশের মাটিতে ইতালির কাছে অতিরিক্ত সময়ের দুই গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিল জার্মানি। সেটাও ছিল এই শেষ চারের লড়াই।
ঘরের মাটিতে জার্মানি তো হেরেছিল ১২০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াই করে। কিন্তু গত মঙ্গলবার বেলো হরিজন্তেতে নেইমারহীন ব্রাজিল যে সামান্য প্রতিরোধও গড়তে পারলো না; হারলো বিশ্বকাপের সেমি-ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে। ব্রাজিলের কষ্টটা লুভেরই তো সবচেয়ে ভালো বোঝার কথা।
