২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দর ফুটবলের চেয়ে শিরোপা বড়: মাথাউস

পশ্চিম জার্মানির অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন ১৯৯০ সালে। লোথার মাথাউসই সর্বশেষ, এরপর আর কোন জার্মান অধিনায়ক স্পর্শ করতে পারেননি ওই ট্রফি। ব্রাজিল-জার্মানি সেমি-ফাইনালের আগে ফিফা ডটকমকে দেয়া সাক্ষাতকারে এবারের জার্মানির শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের কারণ জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 06:47 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

প্রশ্ন: ২০১৪ বিশ্বকাপে এখন পর্যন্ত জার্মানির খেলাকে কিভাবে মূল্যায়ন করবেন?

লোথার মাথাউস: গত দুই বিশ্বকাপে জার্মানি যেমন আকর্ষণীয় ফুটবল খেলেছিল, এবার তেমনটা খেলছে না। আসলে সময়ের সঙ্গে সঙ্গে ইওয়াখিম লুভ একটি জিনিস শিখেছে। সেটি হল, সুন্দর-আকর্ষণীয় ফুটবল খেলে এখন আর শিরোপা জেতা যায় না। আর জার্মানির এবারের লক্ষ্য যেহেতু ট্রফি, সে কারণে তাদের একটু রয়েসয়ে খেলতে দেখছি। চারজন সেন্ট্রাল ডিফেন্ডারের রক্ষণভাগে থাকা এবং তাদের সামনে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ফিলিপ লামের অবস্থানেই সেটি বোঝা যায়। আসলে টুর্নামেন্ট শুরুর আগে বাস্টিয়ান শোয়াইনস্টাইগার, সামি খেদিরা, মিরোস্লাভ ক্লোসার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট সমস্যা ছিল। সে কারণেই লুভ হয়তো ভেবেছিল, একটু ভিন্নভাবে চেষ্টা করা যাক। এখন পর্যন্ত জার্মানির যে ফল, তাতে সেই চেষ্টাকে সফলই বলতে হবে।

প্রশ্ন: জার্মানির খেলার ধরন নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। বিশেষত আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের পর। জেতার পরও এমনটা হওয়ার কারণ কি?

মাথাউস: সমর্থকদের প্রত্যাশা আসলে বেড়ে গিয়েছে। কারণ গত কয়েক বছরে এই দলটি দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। আর দলের সামর্থ্য যে অতুলনীয়, সেটিও সবার জানা। আবার এটিও মনে রাখেত হবে, বিশ্বকাপের এই পর্যায়ে এসে প্রতিটি ম্যাচ কিন্তু খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খেলোয়াড়দের মনে এই ভাবনা নিশ্চয় খেলে যাচ্ছে যে, “আমরা কি আকর্ষণীয় ফুটবল খেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে চাই নাকি সাত ম্যাচ পর জিততে চাই ট্রফি?” উত্তরটা কিন্তু পরিষ্কার। ট্রফিটা বাড়ি নিয়ে এসো, শুধু সুন্দর ফুটবল খেলার চেয়ে সাফল্যকে দাও বেশি গুরুত্ব।

প্রশ্ন: ফ্রান্সের বিপক্ষে ফিলিপ লামকে ফুলব্যাক পজিশনে ফেরানো হল কেন বলে মনে করেন? আর আগের কথা ও কৌশল থেকে কোচ ইওয়াখিম লুভের সরে আসার কারণটাই-বা কী হতে পারে?

ম্যাথাউস: লুভ কিন্তু ভীষণ বুদ্ধিমান। অবশ্যই পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করে। তিনি হয়তো বুঝতে পারছিলেন বাস্টিয়ান শোয়াইনস্টাইগার ও সামি খেদিরা ফিট হয়ে উঠেছে এবং ধীরে ধীরে ফর্মেও ফিরছে। লামকে তাই রক্ষণভাবে সরিয়ে নেন।

প্রশ্ন: ফাইনালে যেতে হলে জার্মানির কোন জিনিসটা বদলাতে হবে?

মাথাউস: তাদের শুধু ব্রাজিলকে হারাতে হবে। কিভাবে হারাবে, সেটি বড় ব্যাপার নয়। হ্যাঁ, কিছু ফুটবলার হয়তো তাদের ক্লাবের পজিশনে খেলছে না। বিশেষত বাঁ দিকে এই ব্যাপারটা স্পষ্ট চোখে পড়ে। মেসুত ওজিল যেমন ক্লাবে খেলে থাকে মাঝ বরাবর, জার্মানির জার্সি গায়ে খেলতে হচ্ছে বাঁয়ে। ওর শরীরী ভাষা তাই চনমনে না, অন্যান্য সময়ের মতো সুখীও ওকে মনে হচ্ছে না। কিন্তু এখন জাতীয় দলের জন্য ওজিলকে ওখানেই খেলতে হবে এবং সবটুকু নিংড়ে দিতে হবে। বেনেডিক্ট হুভেডেজও যেমন মূলত সেন্ট্রাল ডিফেন্ডার, কিন্তু এখন খেলছে লেফট ব্যাক হিসেবে। এই পজিশন নিয়ে জার্মানি সমস্যায় আছে বলে আমার মনে হয়। যাই হোক, এই বাঁদিকের ব্যাপার বাদ দিলে জমাট-ঐক্যবদ্ধ দল হিসেবে খেলছে লুভের শিষ্যরা। খেলোয়াড়দের শারীরিক অবস্থাও ভালো। ৯০ মিনিটজুড়ে দৌড়ে খেলার সামর্থ্য আছে। জয়ের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

প্রশ্ন: সেমিতে জার্মানির প্রতিপক্ষ স্বাগতিকরা। ব্রাজিলের অন্যান্য ম্যাচে সমর্থকরা তাদের খেলোয়াড়দের জন্য দারুণ আবহ তৈরি করেছিলেন। আপনি কি মনে করেন, সেটি জার্মান ফুটবলারদের ভীত করে তুলতে পারে?

মাথাউস: ওরা কিন্তু বড় বড় ম্যাচ খেলে অভ্যস্থ, বিশেষত বায়ার্ন মিউনিখের ফুটবলাররা। বুন্দসলিগায় প্রতি সপ্তাহেই গ্যালারিপূর্ণ স্টেডিয়ামে খেলে, আর সেখানে দর্শক ব্রাজিলের স্টেডিয়ামের দর্শকের চেয়ে কম নয়। দর্শকরা বিরুদ্ধে থাকে বলে প্রতিটি অ্যাওয়ে ম্যাচে তাই চাপে থাকে খেলোয়াড়রা। এখানেও সেই একই ব্যাপার ঘটবে। কিন্তু আবার একই সঙ্গে নিজেদের দর্শকদের সামনে খেলাটা ব্রাজিলের উপর চাপ তৈরি করতে পারে, সেটি হলে জার্মানি কিছু সুবিধা পাবে। আমরা দেখেছি যে, স্বাগতিক খেলোয়াড়রা বেশ সংবেদনশীল। বিশ্বকাপে অনেকবারই আমরা ব্রাজিলিয়ানদের কাঁদতে দেখেছি। দুঃখের না, সুখের কান্না। এ কারণেই বলছি, সেমি-ফাইনালে খেলার চাপ ব্রাজিল কিভাবে নেয়, সেটি দেখতে হবে। ওরা নিজেদের মাটিতে খেলার সুবিধা পাবে, তবে জার্মানিও খুব শক্তিশালী।

প্রশ্ন: জার্মানির স্কোয়াডে বেশ কিছু ফুটবলার আছেন, যাদের এটি বিশ্বকাপে দ্বিতীয় কিংবা তৃতীয় সেমিফাইনাল। মিরোস্লাভ ক্লোজের ক্ষেত্রে তো চতুর্থ। এটি দলকে কতোটা সুবিধা দেবে?

মাথাউস: ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয়ে অভিজ্ঞতার মূল্য আমরা দেখেছি। ফ্রান্সের দলটি ছিল তরুণ, বড় টুর্নামেন্টের বড় ম্যাচ অভিজ্ঞতা যাদের নেই বললেই চলে। ওদিকে জার্মানিতে ৮০, ৯০, ১০০ এমনকি এর চেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার আছে। যাদের অভিজ্ঞতা কয়েকটি বড় টুর্নামেন্ট খেলার। ব্রাজিলের বিপক্ষেও এটি তাই জার্মানিকে সুবিধা দিতে পারে।

প্রশ্ন: আপনি তো এই জায়গাটায় অনেকবারই ছিলেন। এমন এক সেমি-ফাইনালের জন্য খেলোয়াড়রা আসলে প্রস্তুতি নেয় কিভাবে?

মাথাউস: এক কথায় এর জবাব দেওয়া যাবে না। ম্যাচে পুরোপুরি মনোযোগ দেওয়া ছাড়া অন্য কিছু করাটা জরুরি। এটি আসলে মানসিক ব্যাপার। জার্মানির ক্ষেত্রে এখন এটি হতে পারে, ফ্রান্সের খেলার চেয়ে বেশি কিছু করা। কারণ আমাদের খেলতে হচ্ছে স্বাগতিক ও ফেভারিটদের বিপক্ষে। বাইরে থেকে খেলোয়াড়দের উপর অনেক চাপ থাকে। তবে তাদের তা উপেক্ষা করাই ভালো।

প্রশ্ন: ব্রাজিল-জার্মানি ম্যাচের ফল কী হবে বলে মনে হয়?

মাথাউস: আমি দেশপ্রেমিক। জানি যে, এটি আমাদের জন্য কঠিন ম্যাচ হবে এবং এখানে আমরা ফেভারিট নই। তারপরও আমার মনে হয় আমরা ২-১ গোলে জিতব।

প্রশ্ন: জার্মানি যে বিশ্বকাপ জিততে পারবে, এ বিষয়ে আশাবাদী হচ্ছেন কেন?

মাথাউস: আমার মনে হয় বিষয়টা একটু অন্যভাবে দেখলে ভালো হয়। আমাদের যে বিশ্বকাপ জিততেই হবে, এমন কোন কথা নেই। তবে আমরা তা জিততে চাই এবং সেই সামর্থ্যও আমাদের আছে। দল খুব ভালো পারফর্ম করেই শেষ চার পর্যন্ত এসেছে। এখন সূক্ষ ব্যাপারগুলো পার্থক্য গড়ে দেবে। জার্মানিকে আমার কাছে জমাট দল মনে হচ্ছে। খেলোয়াড়দের দেখাচ্ছে আত্মবিশ্বাসী। শরীরী ভাষা বলে দিচ্ছে তাদের ভাবনা, ‘আমরা হারতে পারি কেবল আমাদের চেয়ে ভালো দলের কাছে।’ এই দলে উন্নতির অনেক জায়গা অবশ্যই আছে। তবে শেষ পর্যন্ত সবাই একটি জিনিসই চাইছে, শিরোপা।