আর্জেন্টিনার ছদ্মবেশী সমর্থক আটক
সুইস ভক্তের পরিচয়ে ব্রাজিলে ঢোকা আর্জেন্টিনার এক ঝামেলাবাজ সমর্থক পুলিশকে ফাঁকি দিতে পারেননি। শনিবার আর্জেন্টিনা ও বেলজিয়ামের ম্যাচ চলার সময় পুলিশ তাকে আটক করেছে।
পাবলো আলভারেস নামের ওই সমর্থক আর্জেন্টিনার ‘বারাস ব্রাভা’ নামের একটি ক্লাবের সদস্য, যারা ফুটবলে সহিংসতার জন্য কুখ্যাত। এই ক্লাবের ২ হাজারের বেশি সদস্যের একটি তালিকা বিশ্বকাপ শুরুর আগেই প্রতিবেশী দেশটিকে দেয় আর্জেন্টিনা, আলভারেস তাদেরই একজন।
সুইস ভক্তের বেশে এর আগে ভালোভাবেই উতড়ে যান আলভারেস। ওই বেশে নিজের একটি ছবিও ফেইসবুকে পোস্ট করেন তিনি।
কিন্তু ভুলটা বুঝি করে বসেন ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় ক্লাব ফ্লামেঙ্গোর জার্সি পড়ে। বেলজিয়ামের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে ওই জার্সি পড়া আলভারেসকে আর্জেন্টিনার পুলিশ শনাক্ত করে ব্রাজিলের পুলিশকে জানায়। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ পর্যন্ত আর্জেন্টিনার ৪০ জন ঝামেলাবাজ সমর্থককে দেশে ফেরত পাঠিয়েছে ব্রাজিল।
