আর্জেন্টিনার দুই ঝামেলাবাজ সমর্থক আটক
আর্জেন্টিনার কালো তালিকাভুক্ত আরো দুই সমর্থককে শনিবার আটক করে ব্রাজিলের পুলিশ।
শনিবার বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওয়ে আর্জেন্টিনা ও ইরানের ম্যাচের সময় ‘বারাস ব্রাভা’ নামে পরিচিত একটি সংগঠনের ঝামেলাবাজ ওই দুই সমর্থককে আটক করে স্থানীয় পুলিশ।
কিছুক্ষণ পর অবশ্য তাদের ছেড়েও দেয় স্থানীয় প্রশাসন। তবে ৭২ ঘণ্টার মধ্যে ঝামেলাবাজ ওই দুই সমর্থককে ব্রাজিল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আর্জেন্টিনার পুলিশের সাহায্যে ওই দুই সমর্থককে স্থানীয় পুলিশ আটক করে বলে এক বিবৃতিতে জানায় বিশ্বকাপের স্থানীয় আয়োজকেরা।
বিশ্বকাপ শুরুর একদিন ব্রাজিলে পা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ঝামেলাবাজ এক সমর্থককে আর্জেন্টিনায় ফেরত পাঠিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ।
ওই সমর্থকও ‘বারাস ব্রাভা’ ক্লাবের সদস্য, যারা ফুটবলে সহিংসতার জন্য কুখ্যাত। এই ক্লাবের ২ হাজারের বেশি সমর্থকের একটি তালিকা প্রতিবেশী দেশটিকে আগেই দিয়েছে আর্জেন্টিনা।
