কাজে লাগলো ফন গালের ফাটকা
প্রজ্ঞা? পাগলামি? নাকি কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনা আর খুটিনাটি পর্যবেক্ষণের ফল? টাইব্রেকারের জন্য আলাদা গোলরক্ষক নামানোর ঘটনা বিরলই বটে।
শনিবার সালভাদরে কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডস-কোস্টা রিকা ম্যাচে অবাক করা কাজটা করলেন ডাচ কোচ লুইস ফন গাল। ১২০ মিনিটের খেলা শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে শুরু থেকে গোলবার আগলানো ইয়াসপার সিলেসেনের বদলে তিনি মাঠে নামান নিউক্যাসলের গোলরক্ষক টিম ক্রুলকে।
ক্রুলের বিশ্বকাপ অভিষেকটা যে 'ছোট্ট' পরিসরের, এটা বোঝা যায় ম্যাচ শেষে ডাচ কোচর কথায়।
"পরের ম্যাচে কে শুরু করবে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। সিলেসেনই খেলবে, কিন্তু আমরা মনে করেছিলাম এখানে (কোস্টা রিকার বিপক্ষে টাইব্রেকারে) ক্রুলই ভালো হবে।"
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পুরো টুর্নামেন্ট জুড়ে বেঞ্চ উষ্ণ করা ক্রুলকে কেন যোগ্য মনে হয়েছিল ফন গালের। ডাচ কোচ এর যুক্তি দেখান।
"আমরা সবাই ভেবেছিলাম পেনাল্টি ঠেকানোর জন্য ক্রুলই সেরা গোলরক্ষক। সে একটু বেশি লম্বা এবং তার আওতা বড়।"
সিলেসেনের চেয়ে ২ ইঞ্চি লম্বা ক্রুলকে (৬ ফুট ৪ ইঞ্চি) নিয়ে ফাটকাটা কাজে লেগে গেছে বলে দারুণ খুশি ফন গাল।
"এটা কাজে লেগেছে। দারুণ ব্যাপার ছিল এটা। এ নিয়ে আমি কিছুটা গর্বিত।"
তবে এটা যে তাৎক্ষনিকভাবে নেয়া কোনো সিদ্ধান্ত ছিল না, সেটাও পরে জানান ফন গাল। ক্রুলকে আগে থেকেই তারা জানিয়ে রাখেন, টাইব্রেকার হলে তাকেই তা সামলাতে হবে। তবে নিয়মিত গোলরক্ষক সিলেসেন এই পরিকল্পনার ব্যাপারে জানতেন না।
কোচের আস্থার প্রতিদান দিতে পেরে খুশি ক্রুল। সঙ্গে তিনি কোস্টা রিকার বিপক্ষে সাফল্যের রহস্যটাও উন্মোচন করেন।
"আমি তাদের (কোস্টা রিকা) গ্রিসের বিপক্ষে দেখেছি এবং তাদের নিয়ে গবেষণা করেছি।"
কোস্টা রিকার খেলোয়াড়রা কিক নেয়ার আগে তাদের সঙ্গে কথা বলতে দেখা গেছে ক্রুলকে। এর রহস্যটা কী ছিল?
ক্রুল জানান, "খেলোয়াড়দের মানসিকভাবে দুর্বল করে দিতে তাদের বলেছি, আমি জানি তারা কোথায় কিকটি নিতে যাচ্ছে। সম্ভবত এটা কাজে লেগেছে আগে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের সঙ্গে এটা ঘটেছে। তাকে বলেছিলাম যে, আমি জানি এবং কিক ঠেকিয়ে দিয়েছি। ওটাই আবার চেষ্টা করে দেখেছি। আমি খুব খুশি যে, আজও (শনিবার) এটা কাজ করেছে।"
