মেসি বনাম কর্তোয়া ও অন্যান্য
খণ্ড খণ্ড যুদ্ধ জিতলে তবে না মূল যুদ্ধ জেতা যায়। আর্জেন্টিনা-বেলজিয়ামের ম্যাচেও আছে অমন অনেকগুলো খণ্ডযুদ্ধ। এদের মধ্যে সবচেয়ে বড়টি যে লিওনেল মেসির সঙ্গে থিবো কর্তোয়ার, সেটি আলাদা করে বলার প্রয়োজন আছে কি?
লিওনেল মেসি বনাম থিবো কর্তোয়া
দুজন কেউ কারো কাছে অপরিচিত নন। বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদের জার্সিতে লিওনেল মেসি ও থিবো কর্তোয়া সর্বশেষ মৌসুমে মুখোমুখি হয়েছেন ছয়বার। চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ লা লিগা ও স্প্যানিশ সুপার কাপে দুবার করে। কিন্তু কোনোবারই কর্তোয়াকে ফাঁকি দিতে পারেননি মেসি। এবার আর্জেন্টিনার হয়ে বেলজিয়ামের গোলরক্ষককে হারাতে পারবেন?
বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। গোল করেছেন প্রথম তিন ম্যাচেই। দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে জাল খুঁজে পাননি, কিন্তু তার জাদুকরী পাসেই গোল দিয়েছেন আনহেল দি মারিয়া। তুখোড় ফর্মের মেসি আজ যে কর্তোয়ার অগ্নিপরীক্ষা নেবেন, সেটি না বললেও চলছে! আর লড়াইয়ের ভেতর এই লড়াইটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেসি-কর্তোয়ার দ্বৈরথে যে জিতবেন, তার দলের জয়ের সম্ভাবনাও তত বেড়ে যাবে।
হাভিয়ের মাসচেরানো বনাম কেভিন ডি ব্রুইন
আর্জেন্টিনা-বেলজিয়াম দ্বৈরথের আলো নিঃসন্দেহে বেশি করে থাকবে আক্রমণভাগের খেলোয়াড়দের উপর। এদিকে লিওনেল মেসি-গনসালো হিগুয়াইন, ওদিকে এডেন হ্যাজার্ড-রোমেলু লুকাকুরা। মাঝমাঠে দারুণ রোমাঞ্চকর লড়াই কিন্তু হবে আরেকটি। হাভিয়ের মাসচেরানোর সঙ্গে কেভিন ডি ব্রুইনের।
মাসচেরানো এখন পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম সেরা খেলোয়াড়। মাঝমাঠের নিয়ন্ত্রণই শুধু নিচ্ছেন না, বরং দলের আক্রমণও অনেক সময় শুরু হচ্ছে তার পাস থেকে। কোয়ার্টার-ফাইনালে সেই মাঝমাঠের নিয়ন্ত্রণের জন্য তাকে লড়তে হবে বেলজিয়ামের তরুণ ডি ব্রুইনের বিপক্ষে। যার বিশ্বকাপও কাটেছে দারুণ। মাসচেরানো-ডি ব্রুইনের মধ্যে যিনি মাঝমাঠে আধিপত্য করবেন, তিনিই দলকে এগিয়ে দেবেন জয়ের পথে।
ফেদেরিকো ফের্নান্দেস বনাম রোমেলু লুকাকু
চার ম্যাচে মাত্র তিন গোল, এটুকু জানলে মনে হবে বিশ্বকাপে আর্জেন্টিনার ডিফেন্স বোধকরি তুখোড় পারফর্ম করছে। সত্য কিন্তু তা নয়। বিশেষত সেন্ট্রাল ডিফেন্সে ফেদেরিকো ফের্নান্দেসের ধীরগতি তাদের জন্য বড় এক চিন্তার কারণ। বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে কোচ আলেহান্দ্রো সাবেইয়ার কপালের ভাঁজ তাই কমছে না।
রোমেলু লুকাকুর নেতৃত্বাধীন আক্রমণভাগ এই সুযোগটা নিতে মরিয়া। বাতাসে ও ট্যাকেলে দক্ষ হলেও গতির অভাবের কারণে ফের্নান্দেসকে অনেক সময় সহজে কাটিয়ে ভেতরে ঢুকে যায় প্রতিপক্ষ ফরোয়ার্ডরা। আগের ম্যাচে বদলি নেমে দারুণ খেলা গতিশীল লুকাকু আর্জেন্টাইন রক্ষণ হৃৎপিণ্ডের এই দুর্বলতা কাজে লাগাতে চাইবেন নিশ্চিতভাবে।
আনহেল দি মারিয়া বনাম টোবি আল্ডারভাইরল্ড
জাতীয় দলের জার্সিতে পরষ্পরের মুখোমুখি হওয়ার সময় তাদের ক্লাবের দ্বৈরথটির কথা মনে না পড়ে পারেই না! যেখানে স্পষ্ট বিজয়ী হয়েছিলেন আনহেল দি মারিয়া। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের অতিরিক্তি সময়ে আতলেতিকো মাদ্রিদের টোবি আল্ডারভাইল্ডকে বোকা বানিয়েছিলেন রিয়াল মাদ্রিদের ওই তারকা। তাকে পরাস্ত করে এরপর যে ক্রসটি করেন, সেখান থেকে গ্যারেথ বেলের লক্ষ্যভেদে রিয়াল এগিয়ে যায় ২-১ গোলে। আতলেতিকোর শেষের শুরু সেখানেই।
সেই দুঃস্বপ্নের দি মারিয়ার মুখোমুখি আবার আল্ডারভাইরল্ড। এবার তিনি মারিয়াকে নিষ্প্রভ রাখতে পারলে বেলজিয়ামের ২৮ বছর পর সেমিফাইনালে খেলার সম্ভাবনা বাড়বে।
পাবলো সাবালেতা বনাম এডেন হ্যাজার্ড
দলের বড় ভরসা তারা দুজন। কিন্তু ব্রাজিল বিশ্বকাপে বিস্ময়কর রকম নিষ্প্রভ পাবলো সাবালেতা ও এডেন হ্যাজার্ড। আজ মুখোমুখি লড়াইয়ে জ্বলে ওঠা জ্বালানির তাই অভাব নেই।
অন্য প্রান্তে মার্কোস রোহো নেই। রাইট ফুল ব্যাকে সাবালেতার তাই আগের ম্যাচগুলোর চেয়ে একটু বেশিই উপরে ওঠার কথা। কিন্তু হ্যাজার্ড তাকে সেই সুযোগ দিলে তো! গতি-ড্রিবলিং দিয়ে সাবালেতার বিপক্ষে খণ্ডযুদ্ধে জিততে চাইবেন তিনি। আর তাতে যদি আর্জেন্টাইন ফুলব্যাক জেতেন, তাহলে বেলজিয়ামের আক্রমণের বড় অস্ত্রটিই হয়ে যাবে ভোঁতা।
