২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশমের চোখে নতুন সূচনার স্বপ্ন

খেলোয়াড় অথবা কোচ, বিশ্বকাপে এই প্রথম হারের স্বাদ পেলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক দিদিয়ে দেশম। শুক্রবার জার্মানির বিপক্ষে ওই হারটাই ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে ফেলেছে তার দলকে। বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাওয়ার কষ্ট থাকলেও এখান থেকেই নতুন দিনের সূচনা করতে চান দেশম।   

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 05:45 AM

Updated : 13 Oct 2022, 12:19 PM

শুক্রবার রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে জার্মানির মাটস হুমেলসের একমাত্র গোলে হেরে যায় ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স। ১৬ বছর আগে দেশের মাটিতে দেশমের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছিল ফ্রান্স।

ম্যাচ শেষে দেশম বলেন, “ব্রাজিলে আমাদের অভিযান যদিও এখানেই শেষ, যদিও আমাদের মন দু:খ-ভারাক্রান্ত আমরা হতাশ তারপরও আমরা এগিয়ে যাব। আমি আশা করি, খেলোয়াড়দের এই গ্রুপটা অনেকদিন ধরে একত্রে খেলতে পারবে।”

হারের অন্যতম কারণ হিসেবে প্রতিপক্ষের তুলনায় অভিজ্ঞতার ঘাটতিটাকেই তুলে ধরেন দেশম।

“জার্মানির তুলনায় আমরা অনেক বেশি অনভিজ্ঞ দল এবং তারা এই ম্যাচের মতো বড় মাপের অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে।”

নতুন দিনের সূচনায় এখনই পরিকল্পনা আঁটতে শুরু করেছেন দেশম। ভবিষ্যৎটা যে উজ্জ্বল হবে, সে বিশ্বাস আছে তার।

১৩তম মিনিটে পিছিয়ে পড়লেও অনেক সুযোগ তৈরি করেছিল ফ্রান্স। সেগুলো কাজে লাগাতে না পারায় হতাশ দেশম। তবে অনেকগুলো প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া জার্মানির গোলরক্ষক মানুয়েল নয়ারেরও প্রশংসা করেন তিনি।