২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রদ্রিগেসের শেষ দেখছেন নেইমার

হামেস রদ্রিগেস যা করেছেন, তাতে তার প্রশংসা করতেই হয়। নেইমার তা করলেনও। তবে শেষ আটেই কলম্বিয়ার এই তারকার শেষ দেখছেন বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নের বাহক নেইমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 01:57 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

ফরতালেজায় শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল-কলম্বিয়া। এই ম্যাচের আগে ব্রাজিল বিশ্বকাপের ৪ ম্যাচে ৫ গোল করা কলম্বিয়ার ফরোয়ার্ড রদ্রিগেসকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

ব্রাজিলের স্বপ্ন-দৌড় থামিয়ে রদ্রিগেস কলম্বিয়াকে শেষ চারে তুলে দিতে পারেন বলেও মনে করেন অনেকে। কিন্তু নেইমার দেখছেন ঠিক এর বিপরীতটাই।

"শ্রদ্ধা রেখেই বলছি, আশা করছি তার (রদ্রিগেস) সময় এখন শেষ হবে।"

শেষ ষোলোর ম্যাচে চিলির বিপক্ষে ঊরু ও হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। শঙ্কা ছিল, কোয়ার্টার-ফাইনালে তিনি নাও খেলতে পারেন। তবে এখন পুরোপুরি 'ফিট' ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা।

চিলির বিপক্ষে ১২০ মিনিটের ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে জয় পায় ব্রাজিল। এই ম্যাচের পর ফেভারিট ব্রাজিলের খেলা নিয়ে বেশ সমালোচনা হয়। তবে নেইমার মনে করেন ফুটবল এখন আর আগের মতো নেই।

"সবসময় উৎসব, প্রদর্শনী বা ৪/৫ গোলের জয় হবে না। এখনকার দিনে ফুটবল সমানে সমান, খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যদি আমাদের এক গোলে জিততে হয়, তাহলে সেভাবেই জিতব। আমরা এখানে জিততেই এসেছি।"

চিলির বিপক্ষে টাইব্রেকারে জয়ের পর ব্রাজিলের অনেক খেলোয়াড়ই আবেগে কেঁদে ফেলেন। এদের মধ্যে ছিলেন নেইমারও। তবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে শারীরিক সুস্থতার পাশাপাশি তিনি মানসিকভাবেও তৈরি আছেন বলে জানান।

পুরনো খবর:

'রদ্রিগেস বিশেষ কেউ নন'