২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রদ্রিগেস বিশেষ কেউ নন'

কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেসই কী ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নের কাঁটা হবেন? শেষ আটে এই দুই দলের লড়াইয়ের আগে এমন একটি প্রশ্ন হাওয়ায় ভাসছে। ব্রাজিলের 'রিজার্ভ' গোলরক্ষক ভিক্তর বললেন, রদ্রিগেস 'বিশেষ' কেউ নন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 11:19 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

ফরতালেজায় শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল-কলম্বিয়া।

পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এই ম্যাচেরই শুধু নয়, টুর্নামেন্টেরও অন্যতম ফেভারিট। স্বাগতিকদের দলে আছেন নেইমারের মতো একজন তারকা খেলোয়াড়।  এর পরও এই ম্যাচের আগে প্লে-মেকার রদ্রিগেসকে নিয়েই বেশি আলোচনা হচ্ছে।

এর কারণও আছে। শেষ ষোলোর লড়াই শেষে এক দিক দিয়ে রদ্রিগেস লিওনেল মেসি, নেইমারদেরও ছাপিয়ে গেছেন। এই বিশ্বকাপে ৪ ম্যাচে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই।

দুর্দম্য গতি আর অসাধারণ স্কিলের কারণে ব্রাজিলের বিপক্ষেও পাদপদ্রীপের আলো থাকছে তার ওপরই। কিন্তু তাকে নিয়ে এত মেতে ওঠার কারণ দেখছেন না ভিক্তর। বিশেষ নয়, রদ্রিগেসকে শুধুই ভালো একজন ফুটবলার বললেন তিনি।  

"তার গোল করার একটি পথ আছে। আমি তাকে বিশেষ বলব না, কিন্তু সে বলের কাছে খুব ভালোভাবে পৌঁছাতে পারে এবং কলম্বিয়ার ভালো মানের একজন খেলোয়াড়দের একজন সে।"

এই বিশ্বকাপে এখনো মাঠে নামা হয়নি ভিক্তরের। বিশেষ কিছু না ঘটলে কলম্বিয়ার বিপক্ষেও বেঞ্চ গরম করবেন তিনি। তবে আসন্ন ম্যাচে সতীর্থদের রদ্রিগেসকে ঠেকানোর একটি দাওয়াই দিলেন এই গোলরক্ষক।

"সে যে জায়গা নিয়ে খেলে সেটা আমাদের কমিয়ে দিতে হবে। তাহলেই সে ব্রাজিলের বিপক্ষে খুব বেশি পার্থক্য গড়ে দিতে পারবে না।"