লড়াইয়ে সান্ত্বনা খুঁজছেন হিটজফেল্ড
বিশ্বকাপ থেকে বিদায়ে ভীষণ হতাশ সুইজারল্যান্ডের কোচ ওটমার হিটজফেন্ড। দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শিষ্যদের প্রাণপণ লড়াইয়ে সান্ত্বনা খুঁজছেন তিনি।
মঙ্গলবার সাও পাওলোর আরেনা দে সাও পাওলোয় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনাকে নির্ধারিত সময় আটকে রাখার পর অতিরিক্ত সময়েরও ২৭ মিনিট আটকে বেধে রাখে সুইসরা। তবে শেষরক্ষা করতে পারেনি। আনহেল দি মারিয়ার গোলে বিদায় নিতে হয় তাদের।
এই ম্যাচ দিয়েই কোচিং ক্যারিয়ারকে বিদায় বললেন হিটজফেল্ড। ম্যা্চ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কোচ হিসেবে আমার দায়িত্ব এখানেই শেষ। ক্যারিয়ার নিয়ে আমি গর্বিত। আমি ভাগ্যবান, তাই সুইস জাতীয় দল এবং কিছু চমৎকার দলকে কোচিং করাতে পেরেছি।”
জার্মানির এই কোচ বলেন, “(সুইজারল্যান্ডের কোচ হতে পারাটা) আমার জন্যে অনেক সম্মানের .... এবং আবেগাপ্লুত হয়ে সুইস দলকে বিদায় জানাতে পেরে আমি গর্বিত।”
২০০৮ সালে সুইজারল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবে যোগ দেন হিটজফেল্ড। তার অধীনে ১৯৫৪ সালের পর আবারো বিশ্বকাপের শেষ আটে ওঠার স্বপ্ন দেখছিল সুইসরা।
