ঘাম ঝরানো জয়ে শেষ আটে জার্মানি
নির্ধারিত নব্বই মিনিট জার্মানিকে ঠেকিয়ে রেখেছিলেন রাইস বোলহি। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি আলজেরিয়ার এই গোলরক্ষক। অতিরিক্ত সময়ে তাদের ২-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছেছে তিনবারের চ্যাম্পিয়নরা।
৯২তম মিনিটে আন্দ্রে শুরলে আর ১১৯তম মিনিটে মেসতু ওজিল গোল দুটি করেন। ম্যাচের শেষ মুহূর্তে আব্দেলমুমেন জাবুর গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলা দেশটি।
শুক্রবার রিও দে জেনেইরোতে কোয়ার্টার-ফাইনালে জার্মানির প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স।
প্রথমার্ধে জার্মানির সঙ্গে সমান-সমানে লড়াই করে ভাহিদ হালিলহোদিচের শিষ্যরা। এই অর্ধে সুযোগ বেশি তৈরি করে তারাই। কিন্তু দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরে জার্মানি। এ সময় অসংখ্য সুযোগ তৈরি করলেও চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো বোলহিকে পরাস্ত করতে পারেনি তারা।
পোর্তো আলেগ্রের স্তাদিও বেইরা-রিওতে ১৭তম মিনিটে জার্মানির জাল খুঁজে পায় আলজেরিয়া। ফাওজি গোলামের দুর্দান্ত এক ক্রসে ইসলাম স্লিমানির হেড মানুয়েল নয়ারকে ফাঁকি দিয়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জালে জড়ালেও রেফারি অফসাইডের সান্দ্রো রিক্কি অফসাইডের বাঁশি বাজান।
৩৯তম মিনিটে এগিয়ে যেতে পারতো প্রতিযোগিতার একমাত্র আরব দেশটি। তবে বক্সের বাইরে থেকে এল আরাবি সাউদানির শট জেরোম বোয়াটেংয়ের গায়ে লেগে অল্পের জন্য জালে জড়ায়নি।
দুই মিনিট পর জার্মানিকে দুবার হতাশ করেন বোলহি। ২৫ গজ দূর থেকে টনি ক্রুসের শট ফেরানোর পর ফিরতি বলে নেয়া মারিও গোটসের শটও ঠেকিয়ে দেন।
বিরতির পর প্রথম সুযোগটি পায় জার্মানি। ৪৮তম মিনিটে শুরলের শট আলজেরিয়ার এক খেলোয়াড়ের গায়ে লেগে অল্পের জন্য জালে যায়নি।
