ফেইসবুকে রেকর্ড গড়ার পথে বিশ্বকাপ
ব্রাজিল বিশ্বকাপের উন্মাদনা ফেইসবুকে ব্যাপক সাড়া ফেলেছে। এরই মধ্যে ১০০ কোটি পোস্ট, লাইক ও কমেন্ট করা হয়েছে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট নিয়ে।
প্রিয় দল, প্রিয় তারকাদের ঘিরে ফেইসবুকে শত কোটি পোস্ট, লাইক আর কমেন্ট করা ফুটবলপ্রেমীরা গড়তে চলেছেন নতুন রেকর্ড।
১২ জুন উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে ২৯ জুন পর্যন্ত প্রায় ২২ কোটি মানুষ ফেইসবুকে বিশ্বকাপ নিয়ে তাদের অনুভূতি শেয়ার করেছে। আর ফেইসবুকের হিসেব অনুযায়ী, বিশ্বকাপ নিয়ে ফেইসবুকে হওয়া আলোচনার সংখ্যা ১০০ কোটি।
বিশ্বকাপের প্রথম থেকেই ফেইসবুকে টুর্নামেন্ট ঘিরে আলোচনা শুরু হলেও নকআউট পর্ব শুরু হতে তা দ্বিগুণ মাত্রা পায়।
শনিবার ব্রাজিল ও চিলির ম্যাচ দিয়ে শুরু হয় নকআউট পর্ব। ব্রাজিল ও চিলির নখ-কামড়ানো উত্তেজনার সেই ম্যাচেই ৩ কোটি ১০ লাখেরও বেশি মানুষ ফেইসবুকে প্রায় সাড়ে সাত কোটি পোস্ট ও লাইক দিয়েছে এবং কমেন্ট করেছে।
চিলিকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে স্বাগতিকরা।
আগামী ১৩ জুলাই রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে হবে এবারের আসরের ফাইনাল।
