মেসি নেইমারকে ছাপিয়ে রদ্রিগেস
রাদামেল ফালকাওয়ের অভাবটা কলম্বিয়াকে টেরই পেতে দিলেন না তিনি। শুধু কি তাই? ব্রাজিল বিশ্বকাপে এখন পর্যন্ত লিওনেল মেসি, নেইমার, আরিয়েন রবেন, রবিন ফন পের্সিদের মতো মহা তারকাদের ছাপিয়ে সবার ওপরে হামেস রদ্রিগেস।
রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে রদ্রিগেসের জোড়া গোলে শনিবার শেষ ষোলোর লড়াইয়ে উরুগুয়েকে হারিয়েছে কলম্বিয়া। ৪ ম্যাচ থেকে ৫ গোল নিয়ে মেসি, নেইমার আর মুলারকে ছাড়িয়ে শীর্ষ গোলদাতাদের তালিকায় এক নম্বরে উঠে গেছেন রদ্রিগেস।
তার গোল দুটি কলম্বিয়ার ফুটবলে নতুন একটি ইতিহাসেরও জন্ম দিল। নিজেদের ফুটবল ইতিহাসে এই প্রথম শেষ আটে জায়গা পেল দক্ষিণ আমেরিকার দেশটি। ইতিহাসটা আরো সমৃদ্ধ করার লড়াইয়ে কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল।
গ্রুপ পর্বে ৩ গোল করে দলের অন্যতম ভরসায় পরিণত হয়েছিলেন বিশ্বকাপ ফাইনালের আগের দিন (১২ জুলাই) ২৩ বছরে পা দিতে চলা রদ্রিগেস। তবে মারাকানায় এই ম্যাচের আগে রদ্রিগেসের নয়, সবার মুখে ছিল উরুগুয়ের নিষিদ্ধ স্ট্রাইকার লুইস সুয়ারেসের নাম।
তবে আলো কেড়ে নিতে বেশি সময় নেননি রদ্রিগেস। ২৮তম মিনিটে দারুণ এক গোল করে তিনি ছুঁয়ে ফেলেন শীর্ষ গোলদাতাদের তালিকায় শীর্ষে থাকা মেসি-নেইমার-মুলারকে (৪ গোল)।
কার্লোস সানচেসের কাছ থেকে পাওয়া একটি বল বুক দিয়ে নামিয়ে মাটিতে পড়ার আগেই উরুগুয়ের গোল লক্ষ্য করে শট নেন রদ্রিগেস। প্রায় ২০ মিটার দূর থেকে নেয়া ভলিটি উরুগুয়ের গোলরক্ষক মুসলেরার আঙুল স্পর্শ করে ক্রসবারে লেগে জালে নামে।
বিশ্বকাপের সেরার মর্যাদা পাওয়ার লড়াইয়ে থাকার মতো গোলটির তুলনা হচ্ছে স্পেনের বিপক্ষে ফন পের্সির প্রথম গোল আর ডাচদের বিপক্ষে টিম ক্যাহিলের গোলের সঙ্গে।
দ্বিতীয়ার্ধে রদ্রিগেসের দ্বিতীয় গোলটি ছিল নিখুঁত ফিনিশিংয়ের দারুণ এক উদাহরণ। গত বছর মোনাকো তাকে ৬ কোটি ১০ লাখ ডলার দিয়ে পোর্তো থেকে কিনে নিয়ে যে ভুল করেনি, রদ্রিগেস যেন তারই প্রমাণ দিয়ে যাচ্ছেন।
ম্যাচ শেষে দুই দলের কোচেরই প্রশংসা পেলেন রদ্রিগেস। কলম্বিয়ার কোচ হোসে পেকারমানের কাছে রদ্রিগেসের এই পারফরম্যান্স গণ্ডি পেরোনো।
"এই বয়সেও তার দায়িত্ব কাঁধে নিতে কোনো সমস্যা হয়নি। সে এমন কিছু করছে, যেটা ফুটবলারদের বুঝতে অনেক বছর লেগে যায়।"
প্রতিপক্ষ কোচ অস্কার তাবারেস তো রদ্রিগেসকে ঈশ্বর প্রদত্ত বিশেষ প্রতিভা বললেন।
"মারাদোনা, মেসি, সুয়ারেস, হামেস রদ্রিগেস - তারা এগুলো করে, কারণ তারা বিশেষ কিছুর অধিকারী, যা তাদের স্পেশাল করে তুলেছে। বিষয়টি আমারই বলতে হবে তা নয়; কিন্তু আমি যা দেখেছি, তা থেকে আমি মনে করি, সে এই বিশ্বকাপের সেরা খেলোয়াড়।"
