২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির হিসাব চুকাতে চায় আলজেরিয়া

ইতিহাস গড়ার আনন্দের সঙ্গে আলজেরিয়া দলে প্রতিশোধের আগুনও জ্বলছে। ৩২ বছর পর বিশ্বকাপের আবার তারা মুখোমুখি জার্মানির। নক-আউট পর্বের এই ম্যাচেই তখনকার হিসেবটা মেটাতে চায় আফ্রিকার দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 04:20 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

বৃহস্পতিবার কুরিচিবার আরেনা দা বাইশাদায় রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করে আলজেরিয়া।

ভাগ্য এবার আলজেরিয়াকে ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জার্মানির মুখোমুখি করে দিয়েছে।

১৯৮২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে এসেছিল আলজেরিয়া। সবাইকে অবাক করে গ্রুপ পর্বে জার্মানি (তখনকার পশ্চিম জার্মানি) ও চিলিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথেই ছিল তারা। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানি-অস্ট্রিয়া 'সমঝোতার' জন্য বাদ পড়তে হয় আলজেরিয়ার।

ম্যাচটির আগে সমীকরণ দাঁড়িয়েছিল এরকম- জার্মানি ১-০ বা ২-০ গোলে জার্মানি-অস্ট্রিয়া দুই দলই পরবর্তী রাউন্ডে যাবে। জার্মানি জিতেছিল ১-০ গোলেই। ম্যাচের শুরুর দিকে ওই গোলটি হয়ে যাওয়ার পর কোনো পক্ষই আর গোল দেয়ার চেষ্টা করেনি। প্রথম ম্যাচে পশ্চিম জার্মানিকে ২-১ গোলে হারানো আলজেরিয়াকে তাই বিদায় নিতে হয় চোখের জলে।

আলজেরিয়া এই ম্যাচটি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগও করেছিল। কিন্তু ফিফা ম্যাচের ওই ফলই বহাল থাকে। তবে বিশ্ব ফুটবল ইতিহাসে পশ্চিম জার্মানি-অস্ট্রিয়ার দ্বৈরথটি চিহ্নিত হয়ে আছে 'সমঝোতার ম্যাচ' হিসেবেই। 

নকআউট পর্ব আর প্রতিপক্ষ জার্মানি-সব মিলিয়ে যেন ৩২ বছর পেছনে ফিরে গেছে আলজেরিয়া। আনন্দের রেশ কাটতে না কাটতেই তাই সামনে চলে এলো প্রতিশোধের বিষয়টি।

দলের সবার মুখপাত্র হয়ে না ভোলা সেই ইতিহাসের কথা বললেন কোচ হালিলহোদিচ।

"আমরা ভুলিনি। সবাই-ই তো আলজেরিয়া আর ১৯৮২ সালের আলজেরিয়া ও জার্মানি নিয়ে কথা বলছে।"

রাশিয়ার বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তটা আরেনা দা বাইশাদার গ্যালারি দুহাত শূন্যে তুলে প্রার্থনা করতে থাকে আলজেরিয়ার সমর্থকরা। রেফারি শেষ বাঁশি বাজাতেই আনন্দে ফেটে পড়ে তারা।

আনন্দের হুল্লোড় ওঠে আলজেরিয়ার ডাগআউটেও। হালিলহোদিচকে একে একে জড়িয়ে ধরেন সবাই। এর পর দেশের পতাকা নিয়ে স্টেডিয়াম চক্কর দেয় খেলোয়াড়রা।

এই আনন্দ আলজেরিয়া করতেই পারে। ব্রাজিল বিশ্বকাপ যে তাদের দুহাত ভরিয়েই দিয়েছে। ২৮ বছর পর এখানেই বিশ্বকাপে গোল পেল আলজেরিয়া, ৩২ বছর পর কাটল জয়-খরা। এর চেয়ে বড় প্রাপ্তি মনে হয় প্রতিশোধের সুযোগ হাতে পাওয়া।

হালিলহোদিচ অবশ্য মনে করেন, এসব কিছু তার দলের প্রাপ্যই ছিল।

"৩২ বছর লম্বা সময়। আজ (বৃহস্পতিবার) আমরা যা অজর্ন করলাম, এতে আমি খুব খুশি। আলজেরিয়া বীরোচিত এক ম্যাচ খেলেছে বলেই আমার মনে হয় এবং দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা আমাদের প্রাপ্যই।"