সুইসদের বিপক্ষে নেই আগুয়েরো
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ষোলোর লড়াইয়ে খেলতে পারবেন না সের্হিও আগুয়েরো।
নাইজেরিয়ার বিপক্ষে বুধবার ৩-২ গোলে জেতা ম্যাচে মাংসপেশির চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি।
আগুয়েরোর বাঁ পায়ে পাওয়া চোট নিয়ে তাৎক্ষণিক কিছু জানায়নি আর্জেন্টিনা দল। তবে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের একটি পত্রিকা জানিয়েছিল, আগুয়েরোর বিশ্বকাপ শেষ হয়ে গেছে।
বেলো হরিজন্তেতে বৃহস্পতিবার দলের অনুশীলন শিবিরে আর্জেন্টিনা দলের চিকিৎসক জানান, আগুয়েরোর চিকিৎসা চলছে।
"সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সে প্রস্তুত হবে না এবং সেখান থেকে প্রতিদিন তার অবস্থা পর্যবেক্ষণ করব আমরা।"
পোর্তো আলেগ্রেতে আগামী মঙ্গলবার সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টায়। এই ম্যাচে আগুয়েরো না থাকলেও দলকে একই কৌশলে খেলাবেন বলে জানান কোচ আলেহান্দ্রো সাবেইয়া।
এমনও হতে পারে বিশ্বকাপের বাকিটা সময় সাবেইয়াকে হয়ত এভাবেই দল সাজাতে হতে পারে। কারণ, সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগুয়েরোর বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা এখনো কাটেনি।
