২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপটা উপভোগের: অঁরি

বিশ্বকাপে ফ্রান্সের ‘রোলার কোস্টার রাইড’-এর প্রতিচ্ছবি থিয়েরি অঁরিতে। ’৯৮-র চ্যাম্পিয়ন, ২০০২ টুর্নামেন্টে প্রথম রাউন্ডে বিদায়, ২০০৬ সালের ফাইনাল এবং ২০১০ আসরে আবার প্রথম রাউন্ডে ঝরে যাওয়া - চার বিশ্বকাপেই ছিলেন তিনি। ফ্রান্সের সোনালী প্রজম্মের প্রতিনিধি যেমন, তেমনি ক্ষয়ে যাওয়া সাম্রাজ্যেরও সাক্ষী। দেশের পক্ষে ১২৩ ম্যাচ খেলেসর্বোচ্চ ৫১ গোল করা অঁরি সাক্ষাৎকার দিয়েছেন ফিফা ডটকমকে। ফরাসি ফুটবলের অতীত-বতর্মান-ভবিষ্যত নিয়ে কথা বলেছেন সেখানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 07:20 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

প্রশ্ন: ফ্রান্সকে প্রথম খেলতে দেখার স্মৃতি মনে আছে?

থিয়েরি অঁরি: ১৯৮২ বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিপক্ষে মরিস ট্রেসরের গোলটি আমার প্রথম স্মৃতি। ঝাপসা ঝাপসা মনে আছে তা। ওই সময়টায় আমি ছিলাম ওয়েস্ট ইন্ডিজে। গোল হওয়ার পর বাসায় খুশির বিস্ফোরণ হয়। যদিও কেন তা হচ্ছে, সেটি বোঝার বয়স আমার ছিল না। পরিবারের সবার খুশি দেখে আমি ঘুরে তাকিয়ে টেলিভিশনে ট্রেসরের ভলিটি দেখেছি।

প্রশ্ন: ফ্রান্স জাতীয় দলের সঙ্গে একাত্মতা অনুভব করলেন কি সেই সময়ই?

অঁরি: আমার বয়স তখন মোটে পাঁচ বছর। সেটি তাই আমার কাছে ছবির চেয়ে বেশি কিছু ছিল না। তবে মেক্সিকো ’৮৬ অবশ্যই আমার ভেতরটা নাড়িয়ে দিয়েছিল। ফ্রান্স দারুণ খেলেছিল ওই টুর্নামেন্টে, হারিয়ে দেয় এমনকি ব্রাজিলকেও। তখন ফ্রান্স নিয়ে আমার ভেতর একটু একটু করে আগ্রহ বাড়ছিল। ১৯৮৪ ইউরো জয়ের ব্যাপারটিরও তাতে ভূমিকা ছিল। আসলে একজন সমর্থক হিসেবে ফ্রান্সের ওই দুর্দান্ত দলটির প্রেমে পড়ে যাওয়াটা ছিল বেশ স্বাভাবিক।

প্রশ্ন: কখন বুঝলেন যে, ভালোবাসার এই অনুভূতিটা পারষ্পরিক?

অঁরি: এটি বলাও খুব সহজ- ১৯৯৮ বিশ্বকাপ জয়ের সময়। আমার বিশ্বকাপ অভিষেক হয় সেবার, যখন আমরাই ছিলাম বিশ্বকাপের আয়োজক। সেই বিশ্বকাপ জেতা আমার ক্যারিয়ারের স্মরণীয়তম মুহূর্ত। কৈশোরে এমন স্বপ্ন সবাই দেখে, নিজেকে নিজে বলে যে, একদিন নিশ্চয়ই বিশ্বকাপ জিতব। আবার একই সঙ্গে নিজের ভেতরে ছোট্ট একটা অংশ জানিয়ে দেয়, এটি এমন এক কল্পনা যা সত্যি হওয়ার না। আমার ক্ষেত্রে যখন তা সত্যি হল, তাও নিজেদের দেশে আয়োজিত বিশ্বকাপে- সেটি ছিল অবিশ্বাস্য ব্যাপার।

প্রশ্ন: ফ্রান্সের নতুন প্রজম্মের ফুটবলারদের প্রতি আপনার উপদেশ কী?

অঁরি: দুটো উপদেব দেব। বিশ্বকাপটা উপভোগ করো। এবং বুঝতে চেষ্টা করো যে, এই জাতীয় টুর্নামেন্ট খেলে ভালো অভিজ্ঞতা হয়। ফ্রান্সের এই প্রজম্মের ফুটবলারদের সামর্থ্য নিয়ে আমার কোনো সংশয় নেই। একদিন না একদিন তারা বড় শিরোপা জিতবেই। আশা করব, সেটি যেন খুব তাড়াতাড়ি হয়। আর বিশ্বকাপ যখন আপনি খেলবেন, কখনোই নিশ্চিত হতে পারবেন না যে, আরেক বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন কিনা। আমার এমন বলা হয়তো খানিকটা অদ্ভুতুড়ে শোনাবে। কেননা চার বিশ্বকাপে খেলার সৌভাগ্য আমার হয়েছে। তবে প্রত্যেকেরই উচিত, চলতি বিশ্বকাপকেই শেষ ধরে সেভাবে সব নিংড়ে দিয়ে খেলা।

প্রশ্ন: বর্তমান ফ্রান্স দলের কোন খেলোয়াড় আপনাকে সবচেয়ে মুগ্ধ করে?

অঁরি: কয়েকজনের কথাই বলতে হবে। চোটের কারণে ফ্রাঙ্ক রিবেরিকে আমরা বিশ্বকাপে পাচ্ছি না, তবে ও বিস্ময়কর এক ফুটবলার। করিম বেনজেমা, পল পগবা, রাফায়েল ভারানে - এমন আরো অনেকে আছে। ফ্রান্সের মিডফিল্ড ও আক্রমণভাগের খেলোয়াড়রা প্রচুর প্রশংসা পাচ্ছে। তবে আমি ডিফেন্ডার ভারানের কথা আলাদাভাবে বলতে চাই। অবিশ্বাস্য এক খেলোয়াড়, এমনভাবে খেলে যেন দশ বছর শীর্ষ পর্যায়ে খেলার অভিজ্ঞতা আছে ওর। এত অল্প বয়সে এমন পরিণতিবোধ খুব একটা দেখা যায় না। আমাদের দলে যেমন ছিল লঁরা ব্লা, এই প্রজম্মের তেমনি ভারানে। যদিও ডিফেন্ডার হিসেবে তাদের গুণাবলী আলাদা।

প্রশ্ন: এই বিশ্বকাপে খেলা দেখে ফরাসি ফুটবলপ্রেমীরা আবার ফ্রান্সের প্রেমে মজেছে বলে মনে হচ্ছে। আপনার কী মত?

অঁরি: দেখুন, ফুটবলে ভালোবাসা আসে ম্যাচ জয় থেকে। দল যখন জিতবে না, সমর্থকদের সঙ্গে বন্ধনটা তখন অতো দৃঢ় থাকে না। এই সম্পর্কে উত্থান-পতন আছে। তবে খেলোয়াড়রা যদি ভালোভাবে পারফর্ম করে, তাহলে সমর্থকদের সঙ্গে ভালোবাসাটা অটুট থাকে।

প্রশ্ন: ২০০৬ বিশ্বকাপে আপনার গোলেই বিদায় হয়েছিল ব্রাজিলের। তো এবার ব্রাজিলে এসে অভ্যর্থনা পেলেন কেমন?

অঁরি: সত্যি বলতে, খুবই ভালো। এই দেশটিতে দেখলাম সবাইকে সাদরে অভ্যর্থনা জানানোই রীতি। আমি তো গত বছরও এসেছিলাম। তখনো দেখেছি যে, লোকে আপনার সঙ্গে কথা বলতে পছন্দ করে, জিজ্ঞেস করে আপনি কোথা থেকে এসেছেন। কেউ কেউ আমাকে চিনতে পেরেছে, কেউ কেউ পারেনি। তবে মোটা দাগে ফুটবল নিয়ে তারা কমবেশি জানে। অবশ্যই আমার ২০০৬ সালের গোল নিয়েও ওরা কথা বলেছে। কিন্তু যেমনটা আমি বলে থাকি, শেষ পর্যন্ত ওই টুর্নামেন্ট তো আমরা জিততে পারিনি। একটা দলই কেবল পূর্ণ তৃপ্ত হয়ে বাড়ি ফিরতে পারে- বিজয়ীরা।

প্রশ্ন: বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে আপনি খেলেছেন। তার বিশ্বকাপ সফল হবে বলে মনে করেন কি?

অঁরি: মেসি তো একা খেলে না। আসুন তাই আর্জেন্টিনা নিয়ে কথা বলি। এটি পরিষ্কার যে, আর্জেন্টিনা জিতলে মেসি ভালো খেলবে। তবে বিশ্বকাপের কোন এক পর্যায়ে গিয়ে সতীর্থদের তাকে সাহায্য করতে হবে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সময় কি এসেছে? অনেক দিন ধরেই তারা বিশ্বকাপ জেতে না। সুতরাং এটি সত্যিকার অর্থে ‘মেসি সমস্যা’ না। ওদেরকে একটি দল হিসেবে খেলতে হবে। করতে হবে প্রচুর পরিশ্রম, তখনই দেখবেন মেসি নিজের সেরাতে থাকবে।

প্রশ্ন: সাম্প্রতিক সময়ের কোন আক্রমণাত্মক ফুটবলার আপনার নজর কেড়েছে?

অঁরি: শুরুতে অবশ্যই আসবে লুইস সুয়ারেস, রবিন ফন পের্সি ও আরিয়েন রবেনের নাম। তারপর টমাস মুলার। আলোচনায় যে খুব একটা আসে না, তবে জাল ঠিকই খুঁজে পায় নিয়মিত। কোন একটি ‘লুজ বল’ পেল কিংবা কারো গায়ে শট লেগে দিক বদলে বল এল- ঠিকঠাক সুযোগটা নিয়ে নেবে ও। এমনকি যখন গোল করতে চায় না মুলার, তখনো গোল করে ফেলে! এছাড়া আক্রমণভাগের আরো অনেকের নাম বলতে পারি। তবে আমার কাছে ব্যক্তিবিশেষের চেয়ে দলের সামগ্রিক মানসিকতা বেশি গুরুত্বপূর্ণ। সবাই মিলে আক্রমণে যাওয়া রক্ষণ করার চেয়ে সব সময় ভালো।