রোনালদোর জ্বলে ওঠার শেষ সুযোগ
ব্যালন ডি’অরের মুকুট মাথায় নিয়ে কেউ কখনো বিশ্বকাপ জিততে পারেন নি। এটি ইতিহাসের সাক্ষ্য। পর্তুগালের মতো একটি দল নিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোও যে পারবেন না, ব্রাজিল বিশ্বকাপের আবহে অমন একটা শঙ্কা বাতাসে উড়ে বেড়াচ্ছিল তাই। তাই বলে দলকে নিয়ে দ্বিতীয় রাউন্ডেও উঠতে পারবেন না! এতটা ভাবা যায়নি।
বৃহষ্পতিবার বাংলাদেশ সময় রাত দশটায় ব্রাজিলিয়ায় ঘানার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে রোনালদোর পর্তুগাল। সেই ম্যাচের ফলের কোনো গুরুত্বই থাকবে না, গ্রুপের অন্য খেলায় জার্মানি-যুক্তরাষ্ট্র যদি ড্র করে। রোনালদোকে বাড়ি ফিরতে হবে শূন্য হাতে। একেবারে প্রথম রাউন্ড থেকেই!
অথচ কতো প্রত্যাশা নিয়েই না তিনি এসেছিলেন বিশ্বকাপে! কী দুর্দান্ত মৌসুমই না কাটিয়ে এসেছিলেন! রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রের দ্বিমুকুট, প্লে-অফে হ্যাটট্রিক করে পর্তুগালকে বিশ্বকাপের টিকেট পাইয়ে দেওয়া আর চার বছর পর লিওনেল মেসিকে সিংহাসনচ্যূত করে ফিফা-ব্যালন ডি’অর জেতা- গত ১২ মাসে অবিশ্বাস্য সব অর্জন রোনালদোর। সব বিসর্জন দিতে বসেছেন বিশ্বকাপে এসে।
রোনালদো নিজে কিন্তু আশাবাদী নন। প্রথম দুই ম্যাচ শেষেই পর্তুগালের পরিণতি পড়ে ফেলেছেন তিনি। অকপটে বলেছেন তাই এমনটা, “কখনোই ভাবিনি যে, আমরা বিশ্বকাপ জিততে যাচ্ছি। বাছাইপর্বের দিকে তাকালে বুঝতে পারবেন যে, সেটি পেরোতেই আমাদের কতো কষ্ট করতে হয়েছে। আসলে নিজেদের সামর্থ্য সম্পর্কে সচেতন বলেই আমি এমনটা বলতে পারছি। এই মুহূর্তে আমাদের চেয়ে ভালো অনেকগুলো জাতীয় দল আছে।”
আর বিশ্বকাপে এসে দুর্দশার জন্য তিনি দায়ী করেছেন দুর্ভাগ্যকেও, “আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। ওদিকে বহিষ্কারাদেশের কারণে পেপে ও ইনজুরির কারণে ফাবিও কোয়েন্ত্রোকে হারিয়েছি। এসব সামলে ওঠাটা সহজ নয়।”
কিন্তু পর্তুগালের বিশ্বকাপে শেষটা যেমনই হোক, নিজে নিশ্চয়ই রাঙিয়ে যেতে চাইবেন। ব্রাজিল বিশ্বকাপে বিশ্বসেরা ফুটবলারের কীর্তির ছাপ না থাকলে হয়! আজ তাই মরিয়া-দৃঢ়প্রতিজ্ঞ এক রোনালদোকেই দেখা যাবে।
রোনালদোর সৌজন্যে পর্তুগালের বিপর্যয় নিয়ে সরগরম আলোচনা। কিন্তু ঘানার পতনও-বা কম কিসে! গতবার কোয়ার্টার ফাইনালে উঠেছিল যারা, চলে গিয়েছিল সেমি-ফাইনালের সঙ্গে স্পর্শের দূরত্বে- সেই ‘ব্ল্যাক স্টার’দের বিদায় হয়ে যাচ্ছে যে প্রথম রাউন্ডেই। যুক্তরাষ্ট্রের কাছে ১-২ গোলে হেরে দুঃস্বপ্নের মতো শুরু হয়েছিল ঘানার বিশ্বকাপ। পরের ম্যাচে জার্মানির সঙ্গে ২-২ গোলের লড়াকু ড্রতে আত্মমর্যাদা ফেরে। কিন্তু নকআউট পর্বের কক্ষপথে কি ফিরেছে তারা? পর্তুগালের মতো আশার ক্ষীণ রেখা আছে তাদেরও। আর চাওয়াও অভিন্ন। জার্মানি-যুক্তরাষ্ট্র ম্যাচে যেন বিজয়ী-বিজিত বের হয় আর নিজেরা যেন বড় ব্যবধানে জেতেন পর্তুগালের বিপক্ষে। তাহলে হয়তো আপাত অসম্ভব হবে সম্ভব!
তবে সত্যি বলতে, পর্তুগাল-ঘানার সেই ‘সম্ভাবনা’র দিকে আজ দৃষ্টি থাকবে না তেমন কারো। সবাই বরং খুব করে তাকিয়ে থাকবেন রোনালদোর দিকে। লিওনেল মেসি, নেইমাররা যখন আলো ছড়াচ্ছেন, তখন অন্ধকারাচ্ছন্ন বিদায় কি নিতে হবে ফিফা-ব্যালন ডি’অর জয়ীর!
