আফ্রিকায় আটকায়নি ব্রাজিল
১৯৭৮ সালের বিশ্বকাপের পর দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে কখনো দুই ম্যাচের বেশি খেলতে হয়নি ব্রাজিলকে। এবার তারা গ্রুপের শেষ ম্যাচে এসে ঠেকেছে। আছে ছিটকে পড়ার শঙ্কাও। ক্যামেরুনের বিপক্ষে হারলে নিজেদের দেশের বিশ্বকাপ থেকে অকালেই ঝড়ে পড়তে পারে ব্রাজিল। তবে একটি পরিসংখ্যান সাহস দিতে পারে লুইস ফেলিপে স্কলারির দলকে। বিশ্বকাপে এর আগে আফ্রিকার দেশের বিপক্ষে খেলা ৬ ম্যাচের প্রতিটিতেই জিতেছে তারা।
'এ' গ্রুপের ব্রাজিল-ক্যামেরুন ম্যাচ নিয়ে আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: স্তাদিও নাসিওনাল, ব্রাজিলিয়া
ধারণক্ষমতা: ৬৯ হাজার ৩৪৯
ম্যাচ শুরু: সোমবার রাত ২টা (বাংলাদেশ সময়)
# নিজেদের মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিলের সবশেষ হার ১৯৭৫ সালে। কোপা আমেরিকায় প্যারাগুয়ের কাছে ৩-১ গোলে হেরেছিল তারা।
# এ পর্যন্ত হওয়া ২০টি বিশ্বকাপের প্রত্যেকটিতে অংশ নেয়া একমাত্র দল ব্রাজিল।
# বিশ্বকাপে খেলা ২২ ম্যাচে ৮টি লাল কার্ড দেখেছে ক্যামেরুন, সর্বশেষটি পেয়েছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে অ্যালেক্স সং।
# এটা ক্যামেরুনের সপ্তম বিশ্বকাপ। তাদের সেরা সাফল্য ১৯৯০ সালে কোয়ার্টার-ফাইনালে খেলা। এবার নিয়ে বাকি ছয়বারই গ্রুপ পর্বেই অভিযান শেষ হয়েছে তাদের।
# এ পর্যন্ত চার বার মুখোমুখি হয়েছে ব্রাজিল-ক্যামেরুন। ব্রাজিলের ৩টি জয়ের বিপরীতে ক্যামেরুনের জয় মাত্র একটি। ২০০৩ কনফেডারেশন্স কাপে ক্যামেরুনকে ১-০ গোলে জেতানো স্যামুয়েল এতো এবারও দলে আছেন।
# আফ্রিকার দেশের বিপক্ষে বিশ্বকাপে এ পর্যন্ত ৬বার মুখোমুখি হয়েছে ব্রাজিল, ৬টি ম্যাচেই জিতেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৯৭৪ সালে জায়ারেকে দিয়ে শুরু, এর পর একে একে তারা হারিয়েছে আলজেরিয়া (১৯৮৬), ক্যামেরুন (১৯৯৪), মরক্কো (১৯৯৮), ঘানা (২০০৬) ও কোত দি ভোয়াকে বা আইভরি কোস্ট (২০১০)।
