২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের স্বরূপে ফেরার সুযোগও

অঙ্কের হিসেব-নিকেশে ব্রাজিলের বাদ পড়ার একটা আশঙ্কা আছে বটে। তবে তা নিয়ে কেউই খুব একটা মাথা ঘামাচ্ছে না। বরং বাংলাদেশ সময় সোমবার রাত দুইটায় ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সম্ভাবনার সমীকরণ মেলাতে ব্যস্ত সবাই। বিবর্ণ ‘সেলেসাও’ কিভাবে রং ছড়িয়ে জ্বলে উঠবে, প্রতিপক্ষের জালে বল পাঠাবে ক’বার, জয়ে কেমন করে নিশ্চিত হবে গ্রুপ চ্যাম্পিয়নশিপ- সমর্থকদের ভাবনার চৌহদ্দিতে ঘুরে বেড়াচ্ছে এসবই। ছিটকে পড়ার আশঙ্কার বিন্দুমাত্র স্থান নেই সেখানে। তা প্রথম দুই ম্যাচে ব্রাজিলকে যতই ব্রাজিলের মতো না দেখাক!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 01:59 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

পুরনো খবর:

আফ্রিকায় আটকায়নি ব্রাজিল

ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করছে তারা ৬৪ বছর বাদে। ১৯৫০ আসরের ‘মারাকানাজো-ভূত’ তাড়ানোর অভিযানে ব্রাজিলের শুরুটা কিন্তু খুব আশ্বস্ত করা নয়। ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল। পরে ৩-১ ব্যবধানে জিতলেও সেখানে রেফারির এক প্রশ্নবিদ্ধ পেনাল্টি সিদ্ধান্তের ভূমিকা প্রশ্নাতীত। আর পরের খেলায় মেক্সিকোর বিপক্ষে তো জিততেই পারেনি। এ কারণেই আজ ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য কেবল আরেকটি ম্যাচ নয়। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার ম্যাচ, গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার ম্যাচ এবং সুন্দর ফুটবলে সমর্থকদের নিশ্চিন্ত করার ম্যাচ।

সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নেওয়ার চিরন্তন প্রথা স্বাগতিকদের অনুপ্রেরণা। আর প্রতিপক্ষের দিকে তাকালেও নেই আশার কমতি। এবারের বিশ্বকাপে সবচেয়ে ছন্নছাড়া ফুটবল খেলা দলগুলোর একটি যে এই ক্যামেরুন! মেক্সিকো-ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচে শুধু হারেইনি, দিতে পারেনি কোন গোলও। পাঁচ গোল খাওয়ার পাশাপাশি মাঠে সতীর্থের সঙ্গে মারামারি, লাল কার্ড দেখে অ্যালেক্স সংয়ের বেরিয়ে যাওয়া, ইনজুরির কারণে দলের সেরা খেলোয়াড় স্যামুয়েল এতোর দ্বিতীয় ম্যাচ মিস করা- ভুল কারণেই বারবার শিরোনামে এসেছে ‘আফ্রিকার অদম্য সিংহ’রা। তেতে থাকা স্বাগতিকদের বিপক্ষে তাদের গর্জে ওঠার সম্ভাবনার তাই ক্ষীণই।

ব্রাজিলের ছন্দ ফিরে পাওয়ার জন্য ক্যামেরুন তাই আদর্শ প্রতিপক্ষ। আফ্রিকান দলটির হতচ্ছাড়া বর্তমানের পাশাপাশি আফ্রিকান দেশের বিপক্ষে ‘সেলেসাও’দের রেকর্ড সে সাক্ষ্য দেবে। বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় বার ওই মহাদেশের দলের বিপক্ষে খেলেছে তারা। জয় প্রতিটিতেই। ১৯৭৪ সালে জায়ার, ১৯৮৬ আসরে আলজেরিয়া, ১৯৯৪ সালে ক্যামেরুন, ১৯৯৮-তে মরক্কো, ২০০৬ আসরে ঘানা এবং সর্বশেষ বিশ্বকাপে আইভরি কোস্ট, ব্রাজিলের কাছ থেকে নূন্যতম ড্রও আদায় করতে পারেনি কেউ। এবারের ক্যামেরুন তা পারবে- সেটি বিশ্বাস করার লোকেরও বড্ড অভাব!

ব্রাজিল বরং চাইবে, ২০১৩ কনফেডারেশন্স কাপের ফর্মে ফিরে বিশ্বকাপ ট্রফি ঘরে ফেরানোর মিশনের পরের ধাপে যেতে। তবে কাজটি যে সহজ না, সেটি বলেছেন ডিফেন্ডার দাভিদ লুইস, “কনফেডারেশন্স কাপের সঙ্গে বিশ্বকাপের তুলনায় বলা যায় যে, দুটি ব্যাপার এক না। এখানে দলগুলো অনেক বেশি প্রস্তুত হয়ে আসে। আর ফুটবলীয় মানটাও উঠে গেছে অনেক উঁচুতে।”

তবে কঠিন কাজটি সুচারুরূপে করার জন্য নিজেদের প্রস্তুতির ঘোষণা দিয়েছেন ব্রাজিলের আরেক ডিফেন্ডার মার্সেলো, “আমাদের খেলার ধরন অনেক দল আগেভাগে পড়ে ফেলে। সে কারণে জয়টা কঠিন হয়ে যায়। তবে আমরাও জানি কী করতে হবে। ফেলিপাও (কোচ লুই ফেলিপ স্কলারি) সেটি আমাদের বলে দিয়েছেন।”

স্কলারির চাওয়ার উপরের দিকে থাকবে ব্রাজিলের গোলে ফেরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তিন গোল দিলেও রক্ষণভাগকে দেখিয়েছে দিগ-ভ্রান্ত। মেক্সিকোর বিপক্ষে পরের খেলায় সেই রক্ষণে স্থিতি এসেছে। কিন্তু সুফলা কোনো আক্রমণ হয়নি। হ্যাঁ, মেক্সিকো গোলরক্ষক সেদিন ছিলেন অবিশ্বাস্য ফর্মে। কিন্তু অস্কার-নেইমারের প্রথম ম্যাচের মতো জ্বলে না ওঠা আর ফ্রেদের টানা দুই ম্যাচে বিবর্ণ উপস্থিতি তাতে আড়াল হচ্ছে না। ইনজুরির কারণে মেক্সিকোর বিপক্ষে একাদশে ছিলেন না হাল্ক। তিনি সেরে ওঠার কক্ষপথে থাকলেও ঝুঁকি হয়তো নেবেন না কোচ। আগের খেলায় তাঁর জায়গায় দুই অর্ধে খেলেছেন রামিরেস ও বের্নার্দ। আজ উইলিয়ানকে নামিয়ে দেখতে পারেন স্কলারি।

আফ্রিকান দেশের বিপক্ষে বিশ্বকাপে ব্রাজিলের নিরঙ্কুশ জয়ের রেকর্ড থাকতে পারে। ক্যামেরুনের বিপক্ষে সামগ্রিক লড়াইয়ের হিসেবে তা কিন্তু নেই। মুখোমুখি চার লড়াইয়ে তিন জয়ের বিপরীতে একটি হারও আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ২০০৩ সালে কনফেডারেশনস কাপে সর্বশেষ সেই দ্বৈরথে কামেরুনের জয় ১-০ গোলে। গোলদাতা সেই স্যামুয়েল এতো। চোটের কারণে দ্বিতীয় ম্যাচ মিস করলেও আজ হয়তো একাদশে ফিরবেন এতো।

ইতিহাসের দায়শোধে ‘মারাকানাজো-ট্রাজেডি’ দূর করার অভিযান প্রথম রাউন্ডেই কি আর এভাবে মুখ থুবড়ে পড়বে! ব্রাজিলের আশঙ্কার আভাস থাকলেও সম্ভাবনার সমীকরণের সামনে তা আর পাত্তা পাচ্ছে না।