হতাশা আর ক্ষোভ নিয়েই ফিরছে বসনিয়া
অভিষেক বিশ্বকাপটা স্মরণীয় করার স্বপ্ন নিয়ে ব্রাজিলে পা রাখা বসনিয়া-হার্জেগোভিনাকে দুর্ভাগাই বলতে হবে। প্রথম দুটো ম্যাচে ভালো খেলেও বিদায় নিতে হয়েছে তাদের। নিজেদের সেরাটাকে তুলে ধরতে না পারার হতাশার সঙ্গে তাদের সঙ্গী হবে অবিচারেরর শিকার হওয়ার ক্ষোভও।
শনিবার কুইয়াবার আরেনা পানতানালে নাইজেরিয়ার কাছে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ায় বিষাদগ্রস্ত দলের সবাই।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের সেই হতাশার কথাই তুলে ধরেন বসনিয়া কোচ সাফেত সুসিচ।
"তারা সবাই বিষাদগ্রস্ত, হতাশ আর স্তব্ধ।"
রেফারির একটি অফসাইডের সিদ্ধান্তের বিরোধিতা করে নাইজেরিয়ার কাছে হারটিকে অনাকাঙ্খিত বলেন সুসিচ।
"(জেকোর) গোলটি যদি তারা দিত, তাহলে ম্যাচটি অন্যরকমও হয়ে যেতে পারত। জেকো খুব ভালোভাবেই অনসাইডে ছিল।"
২১তম মিনিটে মিরালেম পিয়ানিচের ডিফেন্স চেরা পাস থেকে নাইজেরিয়ার জাল খুঁজে পেয়েছিলেন এদিন জেকো। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করেন নিউ জিল্যান্ডের রেফারি পিটার ও'লিরি। পরে টিভি রিপ্লেতে দেখা গেছে ম্যানচেস্টার সিটি তারকা অফসাইড ছিলেন না।
ওদেমউইঙ্গির করা ২৯তম মিনিটে এগিয়ে যায় আফ্রিকার চ্যাম্পিয়ন নাইজেরিয়া। এই গোলটি নিয়েও প্রশ্ন তোলেন বসনিয়ার কোচ। এই গোলটির উৎসমুখে বসনিয়ার এমির স্পাহিচ ফাউলের শিকার হয়েছিলেন বলে দাবি তার।
"স্পাহিচ ফাউলের শিকার হয়েছিল, কিন্তু রেফারি বাঁশি না বাজালে তো আর ফাউল হয় না।"
অবিচারের কথা শেষ করে নিজেদের খেলা নিয়ে হতাশার কথা বলেন সুসিচ। প্রতিপক্ষের গোলের সামনে ফরোয়ার্ডদের মুখ থুবড়ে পড়ার বিষয়টি একদমই পছন্দ হয়নি তার।
"দেখুন না, কতগুলো সুযোগ নষ্ট করেছি আমরা। এই যেমন যোগ করা সময়ের একটি। আমাদের খেলোয়াড়রা যদি তাদের মানের খেলাটা খেলতে না পারে, তাহলে প্রায় সমপর্যায়ের দলকে হারাতে না পারাটাই স্বাভাবিক।"
আর্জেন্টিনার কাছে ভালো খেলেও ২-১ গোলের হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বসনিয়া।
