এবার জয়ের আশা আলজেরিয়ার
বিশ্বকাপে ২৮ বছরের গোল খরার অবসান ঘটেছে আলজেরিয়ার। আরব দেশটির আশা, এবার খুলে যাবে প্রতিপক্ষের গোলমুখ।
রোববার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলবে ‘এইচ’ গ্রুপের দল আলজেরিয়া। বেলজিয়ামের কাছে প্রথম ম্যাচে হারায় বিশ্বকাপে টিকে থাকতে জয় খুব প্রয়োজন আফ্রিকার দলটির।
৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বেলজিয়াম। ১-১ গোলে ড্র করা রাশিয়া ও দক্ষিণ কোরিয়া তাদের ঠিক পেছনেই রয়েছে।
চতুর্থ বিশ্বকাপে খেলতে আসা ‘মরু শেয়ালরা’ কখনো প্রথম রাউন্ডের বাধা পার হতে পারেনি। বেলজিয়ামের সঙ্গে ২-১ গোলে হারা ম্যাচে সমান তালে লড়েছে আলজেরিয়া। টুর্নামেন্টের একমাত্র আরব দেশটির অনুপ্রেরণা সেই ম্যাচই।
সেই ম্যাচে ৭০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়েছিল আলজেরিয়া। কিন্তু বেলজিয়ামের দুই বদলি খেলোয়াড়ের গোলে শেষ পর্যন্ত হার এড়াতে না পারার হতাশা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ভুলতে চায় দলটি।
