২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বস্তির জয়ে শুরু বেলজিয়ামের

পাঁচশ' মিনিটের গোল-খরা কাটিয়ে আলজেরিয়া স্বপ্ন দেখছিল জয়ের। বেলজিয়ামের বিপক্ষে ৭০ মিনিট পর্যন্ত এগিয়েই ছিল তারা। কিন্তু এরপর দুই গোল হজম করে ২-১ ব্যবধানে হেরেছে আফ্রিকার দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 12:14 AM

Updated : 13 Oct 2022, 12:14 PM

বেলজিয়ামের জয়ের নায়ক দ্বিতীয়ার্ধের দুই বদলি খেলোয়াড় মারুয়ান ফেলাইনি ও ড্রিস মের্টেনস। আলজেরিয়ার গোল-খরার লজ্জাজনক রেকর্ড এড়ানো গোলটি আসে সুফিয়ান ফেঘুলির পেনাল্টি থেকে।    

মঙ্গলবার বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওয়ে ধীর লয়ে শুরু ম্যাচে হওয়ার পর প্রথম সত্যিকারের সুযোগটি আসে ২১তম মিনিটে। বেলজিয়ামের অ্যাক্সেল উইতসেলের জোরালো শট থেকে দলকে রক্ষা করেন আলজেরিয়ার গোলরক্ষক।

২৪তম মিনিটে বেলজিয়ামের ডিফেন্ডার ইয়ান ভার্টনেন ডি বক্সে ফেঘুলিকে ফেলে দিলে পেনাল্টি পায় আলজেরিয়া। ভালেন্সিয়া স্ট্রাইকার ফেঘুলির সফল পেনাল্টিতে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লজ্জাজনক রেকর্ড গড়া থেকে বেঁচে যায় আলজেরিয়া।

টানা পাঁচ ম্যাচ পর গোল পেল জিনেদিন জিদানের জন্মভূমি। ম্যাচ সময়ের হিসেবে ৫০৬ মিনিট পর গোল পেয়েছে আলজেরিয়া। বিশ্বকাপে ৫১৭ মিনিটের গোল-খরার রেকর্ড বলিভিয়ারই থেকে গেল।

পিছিয়ে পড়ার পরও আরব দেশটির বিপক্ষে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি বেলজিয়াম। এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকুরা ছিলেন নিজেদের ছায়া হয়েই।

এরই মধ্যে ৪৪তম মিনিটে আচমকা একটি সুযোগ পেয়ে যায় 'রেড ডেভিলস' নামে পরিচিত বেলজিয়াম। নিজের মার্কারকে ফাঁকি দিয়ে নাসের শাদলিকে চমৎকার একটি পাস দিয়েছিলেন হ্যাজার্ড। প্রথম স্পর্শটি ভালো হয়নি শাদলি, পরে তার দুর্বল শটও কোনো সাফল্য এনে দিতে পারেনি।

দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে সমতা আনার ভালো একটি সুযোগ পেয়েছিল মার্ক উইলমটসের শিষ্যরা। হ্যাজার্ডের কর্নারটি বিপদমুক্ত করতে পারেননি আলজেরিয়ার গোলরক্ষক; সুবিধাজনক জায়গায় বল পেয়েছিলেন উইসেল। কিন্তু তার হেড বার উচিয়ে গেলে সুযোগটি নষ্ট হয়ে যায়।

৫৬তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল আলজেরিয়ার সামনে। কর্নার থেকে কার্ল মেদজানির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সেবার বেঁচে যায় বেলজিয়াম।

৬৬তম মিনিটে একটি প্রচেষ্ট ব্যর্থ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর সমতা ফেরায় বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনের ক্রসে লেগে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ব্যাক হেডে জালে পাঠান বদলি হিসেবে নামা ফেলাইনি।

হ্যাজার্ডের চমৎকার পাস থেকে দ্বিতীয় গোলের জন্ম। বাঁদিক ৪৬তম মিনিটের বদলি ড্রিস মের্টেনসকে বল বাড়িয়েছিলেন চেলসি তারকা। গোলরক্ষককে একা পেয়ে সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি মের্টেনস।

৮৪তম মিনিটে ব্যবধান আরো বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ফেলাইনি। মার্টেনেসের ক্রস থেকে ফেলাইনির হেড সেবার ব্যর্থ করে দেন আলজেরিয়ার গোলরক্ষক।