২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘানার সামনে ডাকাবুকো জার্মানি

দ্বৈরথটি দুই দলের। কিন্তু গল্পটি দুই ভাইয়ের। ২০১০ বিশ্বকাপের মতো এবারও যখন মুখোমুখি হচ্ছে ঘানা-জার্মানি, সেই বোয়াটেং ভাইদের নিয়েই আলোচনা চারদিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 03:55 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

এক জার্সিতে দুই ভাইয়ের কাঁধে রেখে লড়াই অমন ব্যতিক্রমী কিছু না; এবারও যেমন আইভরি কোস্ট দলে আছেন কোলো ও ইয়াইয়া তোরে। দুই ভাই দুই দেশের জার্সিতে সম্মুখ সমরে নেমে গেলে সেটি বরং ব্যতিক্রম। চার বছর আগে জার্মানির হয়ে জেরোম বোয়াটেং এবং ঘানার হয়ে কেভিন-প্রিন্স বোয়াটেং খেলতে নামলে তাই খুলে যায় ইতিহাসের নতুন পাতা। বিশ্বকাপে দুই ভাইয়ের মুখোমুখি লড়াইয়ের প্রথম ঘটনা যে সেটিই!

আবার একই ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশ সময় শনিবার রাত একটায়। কারণ  এবারও গ্রুপ পর্বে এক সঙ্গে পড়েছে জার্মানি-ঘানা! ফরতালেজার আরেনা কাস্তেলাওয়ে বোয়াটেং ভাইদের যুদ্ধ দেখার আগ্রহ থাকবে সবার।

কেভিন-প্রিন্স আর জেরোমের মধ্যে ধুন্ধুমার যুদ্ধ হয়তো বেঁধে যাবে না, কিন্তু জার্মানির বাকি ১০ জনের কারো সঙ্গে ঘানাইয়ান মিডফিল্ডারের আক্ষরিক অর্থেই মারামারি অসম্ভব নয়। ঝাঁঝালো এক মন্তব্যে প্রতিপক্ষ শিবিরকে যে তাতিয়ে দিয়েছেন তিনি! "জার্মান দলে ডাকাবুকো কেউ নেই, কঠিন ম্যাচে ঘোরতর বিপদের সময় যিনি দলকে ঘুরে দাঁড়ানোয় নেতৃত্ব দিতে পারেন। ২০১২ ইউরো সেমি-ফাইনালে ইতালির কাছে হার এবং বাছাইপর্বে সুইডেনের সঙ্গে ৪-৪ গোলে ড্র হওয়া ম্যাচের দিকে তাকালেই বোঝা যাবে তা" - এটুকু বলে থামেননি কেভিন-প্রিন্স, সঙ্গে যোগ করেছেন, "সত্যিটা বলে আমি জার্মানদের নাড়িয়ে দিয়েছি। ইওয়াখিম লুভ ব্যাপারটি যেভাবে নিন না কেন, এটাই বাস্তবতা। আর এটি কেবল একজন ফুটবলারের মতামত না। সার্বজনীন সত্য।"

‘সার্বজনীন সত্য’কে মিথ্যা প্রমাণ করে জার্মানরা তাই আজ নিশ্চিতভাবে নিজেদের ‘ডাকাবুকো’ রূপ দেখিয়ে দিতে চাইবেন কেভিন-প্রিন্সকে!

দুই ভাইয়ের দ্বৈরথ আর কেভিন-প্রিন্সের তাতিয়ে দেওয়া মন্তব্য এক পাশে সরিয়ে রাখলে এই ম্যাচে সংশয়াতীত ফেভারিট জার্মানি। পর্তুগালের মতো দলকে প্রথম ম্যাচে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে তারা। অন্য দিকে ব্রাজিল অভিযানের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ১-২ ব্যবধানে হেরে গেছে আফ্রিকান দেশটি। গতবারের কীর্তির পুনরাবৃত্তিতে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখার জন্য জার্মানির বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ‘ব্ল্যাক স্টারস’।

তবে প্রথম ম্যাচের বিশাল জয়োল্লাসের মধ্যে জার্মান-ক্যাম্পে অস্বস্তির খচখচানি আছে। ২০১০ আসরের শুরুটাও তারা করেছিল বড় জয়ে। কিন্তু অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে হারানোর পরের ম্যাচে সার্বিয়ার কাছে তারা হেরে যায় ০-১ ব্যবধানে। গতবার এই ঘানাকে ১-০ গোলে হারালেও এবার তাই সতর্ক হয়ে মাঠে নামছে তিনবারের চ্যাম্পিয়নরা। আর তাদের চূড়ান্ত লক্ষ্যটা যে আরো অনেক বড়, সেটি ঘোষণার সুরে বলেছেন মিডফিল্ডার টনি ক্রুস, "আমরা গ্রুপ পর্বে একটি ম্যাচই জিতেছি কেবল। যে লক্ষ্য নিয়ে ব্রাজিল এসেছি, তার তুলনায় এটি তো কিছুই না।"

‘ফলস নাম্বার নাইন’ দিয়ে গত ম্যাচে একাদশ সাজিয়েছিলেন জার্মান কোচ। ঘানার বিপক্ষে সেটি পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। টমাস মুলারের হ্যাটট্রিকের কারণে মিরোস্লাভ ক্লোসাকে নিশ্চিতভাবে বসে থাকতে হচ্ছে বেঞ্চে। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ কিংবা পেরিয়ে যাওয়ার জন্য বদলি খেলোয়াড় হিসেবেই কেবল সুযোগ পাবেন তিনি। আর আগের ম্যাচে ইনজুরিতে পড়া সেন্ট্রাল ডিফেন্ডার ম্যাট হুমেলস সেরে উঠেছেন বলে গণামাধ্যমে খবর এসেছে।

ঘানার একাদশে পরিবর্তন আসছে নিশ্চিতভাবে। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় আগের ম্যাচের একাদশে ছিলেন না মাইকেল এসিয়েন। মিডফিল্ড দখল নেওয়ার জন্য ফিরবেন তিনি জার্মানির বিপক্ষে। একাদশে ফিরছেন কেভিন-প্রিন্স বোয়াটেংও। আর তাঁর ফেরাতেই খুলে যাচ্ছে ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথের দরজা।

না, ভাই জেরোম বোয়াটেংয়ের সঙ্গে খণ্ডযুদ্ধ না। বাকি ১০ জার্মানের সঙ্গে মহাপ্রলয়। আলটপকা মন্তব্যে তাদের অহমে আঘাত দিয়েছেন কেভিন-প্রিন্স বোয়াটেং। নিজেদের মারকুটে-ডাকাবুকো চেহারা দেখানোর জন্য তাই নিশ্চিতভাবেই এই ঘানা দলের ওপর ঝাঁপিয়ে পড়বেন জার্মান-যোদ্ধারা!