২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের গোল উৎসবে বেসামাল সুইসরা

করিম বেনজেমা, অলিভিয়ে জিরুদদের আক্রমণাত্মক ফুটবলে খেই হারিয়ে ফেললো সুইজারল্যান্ড। প্রতিবেশী দেশটিকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্বে এক পা দিল ফ্রান্স। ব্রাজিল বিশ্বকাপে এটা তাদের টানা দ্বিতীয় জয়।   

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 03:25 AM

Updated : 13 Oct 2022, 12:15 PM

প্রথম ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছিল ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা। ২ ম্যাচ শেষে 'ই' গ্রুপের শীর্ষে থাকা ফরাসিদের পয়েন্ট ৬। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সুইজারল্যান্ড।

বুধবার সালভাদরের আরেনা ফন্তে নোভায় ম্যাচের শুরতেই একটা ধাক্কা খায় সুইজারল্যান্ড। প্রতিপক্ষের স্ট্রাইকার অলিভিয়ে জিরুদের বুট স্টিভ ফন বের্হেনের মুখে লাগলে নবম মিনিটে মাঠ ছেড়ে যান তিনি। ফলে আট বছরের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে কম সময়ে খেলোয়াড় বদল করতে বাধ্য হন সুইজারল্যান্ডের কোচ।

২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে চতুর্থ মিনিটেই মাইকেল ওয়েনের বদলি নামিয়েছিল ইংল্যান্ড।

কিছুক্ষণ বাদে ওই জিরুদের গোলেই এগিয়ে যায় ফ্রান্স। কর্নার থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন তিনি। বিশ্বকাপে ফ্রান্সের এটি শততম গোল।

পিছিয়ে পড়ার ধাক্কা সামলে উঠতে না উঠতেই সুইস শিবিরে আবারো ফরাসিদের হামলা। ৬৬ সেকেন্ড পরেই ব্যবধান ২-০ করেন ব্লেইজ মাতুউদি।  

প্রথম গোলের পর কিক-অফ থেকে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ভুল ব্যাকপাসে বল পেয়ে যান ফরাসি তারকা করিম বেনজেমা। মাঝমাঠ থেকে তার পাস ধরে গোলটি করেন মিডফিল্ডার মাতুউদি।  

৩০তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পায় সুইজারল্যান্ড। কিন্তু মাঝমাঠের বাধা এড়িয়ে গ্রানিট জাকার নেয়া শটটি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক উগো লিওরিস।

ফিরতি বল পেয়ে যান ডি বক্সের বাঁ দিকে ঢুঁকে পড়া জেরদান শাচিরি। কোনাকুনি শট নেন বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডার, কিন্তু ঝাঁপিয়ে পড়া লিওরিসের হাতের কানায় লেগে বল গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়।

মুহূর্তের মধ্যে পাল্টা আক্রমণে বল পায়ে সুইস ডি বক্সে ঢুঁকে পড়েন বেনজেমা। বিপদ কাটাতে সুইস ডিফেন্ডার ইয়োহান জুহু বেনজেমাকে ফেলে দিলে পেনাল্টি পায় ফরাসিরা কিন্তু পেনাল্টি থেকে বল জালে পাঠাতে পারেননি তিনি। তার শটটি ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক দিয়েগো বেনাল্লিও। ফিরতি বলে ম্যাথু দেবুশির শট গোলপোস্টে লাগে।

বিরতির মিনিট পাঁচেক বাকি থাকতে ফরাসিদের উপর্যুপুরি আক্রমণ আর সামলাতে পারেনি সুইস রক্ষণ। পাল্টা আক্রমণ থেকে ডিফেন্ডার রাফায়েল ভারানে লম্বা পাস দেন জিরুদকে। বল পায়ে আর্সেনালের খেলোয়াড় জিরুদ দুর্দান্ত গতিতে অনেকটা দৌড়ে এসে ডি বক্সের বাঁ দিক থেকে আড়াআড়ি বল বাড়ান মিডফিল্ডার ম্যাথিউ ভালবুয়েনাকে। ওখান থেকে গোলরক্ষককে পরাস্ত করতে কোনো সমস্যা হয়নি ভালবুয়েনার।

দ্বিতীয়ার্ধের ১৫তম মিনিটে ব্যবধান আরো বাড়াতে পারত ফ্রান্স। কিন্তু ডি বক্সের মধ্যে থেকে বেনজেমার শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে ক্রসবারের উপর দিয়ে চলে যায়। 

তবে ফ্রান্সের গোলবন্যা থেমে থাকেনি। ৬ মিনিটের মধ্যে ব্যবধান ৫-০ করেন বেনজেমা ও মুসা সিসোকো।

৬৭তম মিনিটে জুভেন্টাসের মিডফিল্ডার পল পগবার পাস থেকে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার বেনজেমা। হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন বেনজেমা। ম্যাচের ৭৩তম মিনিটে বেনজেমার বাড়ানো বল থেকে বড় জয় নিশ্চিত করেন নিউক্যাসল ইউনাইটেডে খেলা সিসোকো।

হার নিশ্চিত হয়ে গেলেও শেষ ১০ মিনিটে আশাব্যঞ্জক ফুটবল খেলে সুইজারল্যান্ড। দুটি গোলও করে তারা।

৮১তম মিনিটে নীচু ফ্রি কিকে বল জালে জড়ান মিডফিল্ডার ব্লেরিম জেমাইলি আর মিডফিল্ডার গেকান ইনলেরের বাড়ানো বলে বাঁ পায়ের ভলিতে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড গ্রানিট জাকা।

শেষ মুহূর্তে আরেকবার বল জালে জড়ান বেনজেমা। কিন্তু ঠিক তার আগমুহূর্তে রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজালে গোলটি আর স্কোরবোর্ডে যোগ হয়নি।

গ্রুপ ই:

দেশম্যাচজয়ড্রহারপক্ষে গোলবিপক্ষে গোলগোল পার্থক্যপয়েন্ট
 ফ্রান্স২২০০৮২+৬৬
  সুইজারল্যান্ড২১০১৪৬−২৩
ইকুয়েডর১০০১১২−১০
 হন্ডুরাস১০০১০৩−৩০