২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ২ ম্যাচ হারেননি দেল বস্ক

চিলির বিপক্ষে বাঁচা-মরার লড়াই স্পেনের। পরিসংখ্যান অবশ্য বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে। চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল স্পেন। শেষ পর্যন্ত তারাই কিনা চ্যাম্পিয়ন হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 05:12 PM

Updated : 25 Apr 2022, 04:20 PM

স্টেডিয়াম: মারাকানা, রিও দে জেনেইরো

ধারণক্ষমতা: ৭৪ হাজার ৭৩৮

ম্যাচ শুরু: বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় 

রেফারি: মার্ক গাইগার (যুক্তরাষ্ট্র)

‘বি’ গ্রুপের এই ম্যাচের আরো কিছু তথ্য:

# নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার ধাক্কা সামলে উঠতে না উঠতেই বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চিলির মুখোমুখি স্পেন। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য একটা পরিসংখ্যান অবশ্য স্বস্তিদায়ক, ২০০৮ সালের ইউরো শেষে কোচ ভিসেন্তে দেল বস্ক দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত টানা দুই ম্যাচ হারেনি তারা।

# চিলির কাছে কখনই হারেনি স্পেন; ১০ বারের মুখোমুখি লড়াইয়ে আটটিতে জিতেছে স্পেন, বাকি দুটি ড্র।

# জেনেভায় গত সেপ্টেম্বরে প্রীতি ম্যাচে সর্বশেষ দেখা হয় তাদের। পিছিয়ে থেকেও হেসুস নাভাসের শেষ মুহুর্তের গোলে ২-২ -এ ম্যাচটি ড্র করে স্পেন।

# ২০১০ সালে বিশ্বকাপের গত আসরের গ্রুপ পর্বেও মুখোমুখি লড়েছে এই দুই দল। গ্রুপের শেষ ম্যাচে স্পেন ২-১ গোলে জিতেছিল। তবে ওই ম্যাচে হারলেও স্পেনের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে ঠিকই উঠেছিল লাতিন আমেরিকার দল চিলি।