২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলৌকিক কিছুর প্রত্যাশা এতোর

মেক্সিকোর কাছে হেরে ফিকে হয়ে যাওয়া ক্যামেরুনের নকআউট পর্বে ওঠার স্বপ্ন আরেকটি ধাক্কা খেয়েছে। চোটের কারণে ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন দলটির সবচেয়ে  বড় তারকা স্যামুয়েল এতো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 01:33 AM

Updated : 22 Aug 2022, 06:31 PM

তবে চোট কাটিয়ে গুরুত্বপূর্ণ ওই ম্যাচটি খেলতে একটা অলৌকিক কিছুর প্রত্যাশা করছেন এতো।

ক্যামেরুন রেডিও-টিভিকে এতো বলেন, “আশা করছি ঈশ্বর অলৌকিক কিছু ঘটাবেন, যেন আমি আমার প্রিয় সুন্দর দেশটির হয়ে লড়াই করতে পারি।”

আগামী বুধবার মানাউসে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ক্যামেরুন। গত শুক্রবার মেক্সিকোর কাছে একমাত্র গোলে হারে আফ্রিকার দলটি। ক্রোয়াটদের জন্যও ম্যাচটি একইরকম গুরুত্বপূর্ণ কারণ নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে হারে তারা।

হাঁটুর চোটে ভুগছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। চোটটা নতুন না হলেও তা কাটিয়ে উঠতে যথেষ্ট সময় পাননি বলে জানিয়েছেন চেলসির এই স্ট্রাইকার। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষের দিকে পায়ে আঘাত পান তিনি।   

বিশ্বকাপের আগে দলের সঙ্গে খুব বেশি অনুশীলনও করেননি তিনি। তবে মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি খেলেন এতো।