২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগাল: প্রত্যাশা এবার অনেক

সর্বকালের সেরা হতে হবে- নিজের সামনে এমন একটা লক্ষ্য স্থির করেছেন তিনি অনেক আগে। তবে সেজন্য আগে নিজ দেশের সেরা তো হতে হবে! আর ইউজেবিওর মতো ফুটবলার যখন তার দেশের অতীত আলোকিত করে রেখেছেন, ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য কাজটি তখন সহজ নয় মোটেও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 07:24 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

সেই কঠিন কাজ করার পথে পর্তুগিজ যুবরাজ এগিয়ে গেছেন অনেকখানি। অনেক বিশ্লেষকের দৃষ্টিতে এরই মধ্যে ‘ব্ল্যাক প্যান্থার’কে ছাড়িয়ে গেছেন তিনি। তবে ইউজেবিও নিজে জীবদ্দশায় সেটি মানতে পারেননি কখনো। বরং পর্তুগালের জার্সিতে গোলের দিক দিয়ে রোনালদো তাকে ছাড়িয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় শ্লেষের সঙ্গে বলেছিলেন, ‘আমি তো কখনো আজারবাইজানের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলিনি।’

ইউজেবিওর পর পলেতাকেও ছাপিয়ে গেছেন রোনালদো। হয়েছেন পর্তুগালের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ’৬৬-র নায়ককে ছাপিয়ে মহানায়ক হতে হলে রোনালদোর এখন একটি কাজই হয়তো করা বাকি। ইংল্যান্ডের অনুষ্ঠিত ৪৮ বছর আগের পর্তুগালের সাফল্যকে এবার ব্রাজিলে স্পর্শ করা। আর সেই সেমি-ফাইনাল পর্ব ছাড়িয়ে গেলে তো কথাই নেই!

রোনালদো পারবেন কি পারবেন না - এ আলোচনার উপলক্ষও আসছে রোনালদোর সৌজন্যেই। পর্তুগালের বিশ্বকাপ খেলা যে হচ্ছিল না প্রায়! সেখান থেকে একক কৃতিত্বে দলকে তিনি পাইয়ে দিয়েছেন বিশ্বকাপের টিকেট। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে রাশিয়ার পেছনে থেকে গ্রুপ রানার্সআপ হয়ে পর্তুগালকে খেলতে হয় প্লে-অফ। সেখানে জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেনের এসে দাঁড়ায় রোনালদোর সামনে। প্রথম লেগে রোনাদোর লক্ষ্যভেদে ১-০ গোলের জয়, পরের লেগে তার হ্যাটট্রিকে ৩-২ ব্যবধানের জয়। ব্যস, ফিফা বর্ষসেরা ফুটবলারের মুকুট পুণরুদ্ধারে রোনালদোর ওই পারফরম্যান্স হয়ে গেল সবচেয়ে বড় প্রভাবক।

ব্রাজিল বিশ্বকাপে পর্তুগালের সম্ভাবনা নিয়ে আলোচনার সিংহভাগ জুড়ে রোনালদো কেন? কারণ আক্ষরিক অর্থেই দলটি রোনালদো-কেন্দ্রিক। নানির মতো প্রতিভাবান ফুটবলার আছেন, জোয়াও মোউতিনিয়োর মতো প্লে-মেকার কিংবা পেপের মতো ডিফেন্ডারও। কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই পার্শ্বচরিত্র মাত্র। মূল চরিত্রটা সেই রোনালদোর। তিনি ঝলসে উঠতে পারলে ব্রাজিলে বহু দূর যাওয়ার সামর্থ্য রাখে পর্তুগাল। আর যদি চোট নিয়ে ভুগতে থাকেন তিনি, না পারেন নিজের সেরা ফর্ম দেখাতে, তাহলে পর্তুগালের দৌড়ও থেমে যাবে টুর্নামেন্টের মাঝপথে। অন্তত ১৯৬৬ সালের স্বপ্নযাত্রার পুনরাবৃত্তি তখন আর সম্ভব হবে না। জীবন-নদীর ওপাড় থেকে ইউজেবিও হয়তো তখন নিজের শ্রেষ্ঠত্বের দাবি তুলবেন আরেকবার।

বড় আসরে রোনালদোর পারফরম্যান্স কিন্তু খুব একটা সুবিধার না। ইউরোর চেয়ে বিশ্বকাপে তো সেটি আরো বিবর্ণ। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে তিনি ছিলেন নিজের ছায়া হয়ে। কিন্তু রিয়াল মাদ্রিদের জার্সিতে গেল মৌসুমের ৫১ ম্যাচে ৪৭ গোল, পর্তুগালকে প্লে-অফে জেতানো বীরত্ব আর সমকালীন প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির কাছ থেকে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পুনরুদ্ধার - এসব কিছু তাকে তাতিয়ে রাখবে নিঃসন্দেহে। আর পর্তুগাল দলটিতে প্রতিভার খুব ছড়াছড়ি না থাকলেও সেটি রোনালদোর সুরের সঙ্গে তাল ঠোকার জন্য যথেষ্ট। কোচ পাওলো বেনতো দলের ছক সাজাবেন ওই রোনালদোকে কেন্দ্র করেই!

এমনিতেই ঐতিহ্যগতভাবে পর্তুগালের খেলা নিয়ন্ত্রণ করেন একজন ‘নাম্বার টেন’। গত দেড় দশকে রুই কস্তা, দেকোরা যেমনটা করেছেন। তবে এখনকার দলে মোউতিনিয়ো থাকলেও খেলা আবর্তিত সেই রোনালদোকে প্রাণভোমরা ধরে। উইংয়ে থাকা এই বিশ্বসেরাকে আক্রমণে নিয়ে আসা পুরো দুলের লক্ষ্য। আর সেন্টার ফরোয়ার্ড হিসেবে যখন নামীদামী কেউ নেই, গোলের জন্য বেনতো তাকিয়ে থাকেবেন রোনালদোর দিকেই।

বিশ্বকাপের ড্রটা অবশ্য খুব ভালো হয়নি পর্তুগালের জন্য; সঙ্গে আছে জার্মানি, যুক্তরাষ্ট্র ও ঘানা। তারপরও রোনালদো সুস্থ থাকলে এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে তাদের যাওয়াটা কঠিন হওয়ার নয়। হয়তো আরেক ধাপ বেড়ে কোয়ার্টার-ফাইনালেও। টুর্নামেন্ট সমীকরণ মিলে গেলে সেখানে তাদের অপেক্ষায় থাকবে খুব সম্ভবত আর্জেন্টিনা। বিশ্বকাপে মঞ্চস্থ হবে লিওনেল মেসির সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদোর দ্বৈরথের নতুন পর্ব।

এক নজরে:

গ্রুপ: জি

তারিখ

প্রতিপক্ষ

স্থান

১৬ জুন

জার্মানি

সালভাদর

২২ জুন

যুক্তরাষ্ট্র

মানাউস

২৬ জুন

ঘানা

ব্রাজিলিয়া

এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ৫ বার

সেরা সাফল্য: সেমি-ফাইনাল (১৯৬৬, ২০০৬)

যেভাবে ব্রাজিল বিশ্বকাপে: ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে গ্রুপ ‘এফ’ রানার্সআপ হয়ে যোগ্যতা অর্জন করে প্লেঅফে খেলার। আর সেখানে দুই লেগ মিলিয়ে সুইডেনকে ৪-২ গোলে হারিয়ে নিশ্চিত করে বিশ্বকাপ।

খেলার ফর্মেশন: ৪-২-৩-১

ফিফা র‌্যাঙ্কিং: ৪

কোচ: পাওলো বেন্তা (অক্টোবর ২০১০ থেকে)

পর্তুগাল দল:

গোলরক্ষক: বেতো (সেভিয়া), এদুয়ার্দো (ব্রাগা), রুই পাত্রিসিও (স্পোর্টিং)।

ডিফেন্ডার: আন্দ্রে আলমেইদা (বেনফিকা), ব্রুনো আলভেস (ফেনারবাচে), ফাবিও কোয়েন্ত্রাও (রিয়াল মাদ্রিদ), জোয়াও পেরেইরা (ভালেন্সিয়া), নেতো (জেনিত), পেপে (রিয়াল মাদ্রিদ), রিকার্দো কস্তা (ভালেন্সিয়া) ।

মিডফিল্ডার: জোয়াও মওতিনিয়ো (মোনাকো), মিগেল ভেলোসো (ডায়নামো কিয়েভ), রাউল মেইরেলেস (ফেনারবাচে), রুবেন আমোরিম (বেনফিকা), উইলিয়াম কারভালিও (স্পোর্টিং)।

ফরোয়ার্ড: ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), এদার (এসসি ব্রাগা), হেল্দার পস্তিগা (লাৎসিও), হুগো আলমেইদা (বেসিকতাস), নানি (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফা (ব্রাগা), রাফা (ব্রাগা), ভারেলা (পোর্তো), ভিয়েইরিয়া (ভলফসবুর্গ)।