বড় জয় পেল রোনালদোর পর্তুগাল
ক্রিস্তিয়ানো রোনালদোকে ফিরে পেয়েই জেগে উঠল পর্তুগাল। বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে আয়ারল্যান্ডকে ৫-১ গোলে হারিয়েছে তারা।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গুণে গুণে আয়ারল্যান্ডের জালে পাঁচবার বল পাঠায় পর্তুগাল, তবে স্কোরশিটে নাম নেই রোনালদোর। পর্তুগালের কোচ কিন্তু রোনালদোর গোল না পাওয়াতে মোটেই চিন্তিত নন। বরং রোনালদোকে ফিরে পেয়েই দুশ্চিন্তামুক্ত হলেন পাওলো বেন্তো।
"অনেক দিন ধরে খেলার মধ্যে না থাকার বিষয়টি বিবেচনা করে আমার মনে হচ্ছে ও ভালো করেছে। রোনালদোর মতো খেলোয়াড় যে দলেই খেলুক, সেই দলের জন্যই গুরুত্বপূর্ণ এবং আমাদের বেলায়ও তাই।"
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর আবার মাঠে ফেরা রোনালদো ৬৪ মিনিট মাঠে ছিলেন। গোল না পেলেও সহজাত ঝলক তিনি ঠিকই দেখিয়েছেন। এর মধ্যে দুবার গোলও পেতে পারতেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
আইরিশদের জালে পর্তুগালের গোল-বন্যার শুরুটাও করেন আলমেইদাই। ম্যাচের তৃতীয় মিনিটেই রোনালদোকে ফিরে পেয়ে উজ্জীবিত পর্তুগালকে এগিয়ে দেন তিনি।
ফ্যাবিও কোয়েন্ত্রাও ২০তম মিনিটে ব্যবধান ৩-০ করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য একটি গোল ফেরত দেয় আয়ারল্যান্ড। কিন্তু ম্যাচের পরবর্তী অংশটুকু নিয়ন্ত্রণ করে পর্তুগালই।
৭৭ মিনিটে ভিয়েরিনহা পর্তুগালের পক্ষে ব্যবধান ৪-১ করেন। ভিয়েরিনহার নেয়া হেড ফিস্ট করে দিয়েছিলেন আয়ারল্যান্ডের গোলরক্ষক। তবে ফিরতি বল পেয়ে গোল করেন তিনি।
এর পর দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন কোয়েন্ত্রাও। রক্ষণভেদী অসাধারণ এক পাস দিয়ে এই গোলটির উৎস রোনালদোর বদলি হিসেবে নামা নানি।
রোনালদোর ফেরার ম্যাচে খেলেছেন চোটমুক্ত আরো দুই খেলোয়াড়। এর মধ্যে মিডফিল্ডার রাউল মেইরেলেস মাঠে ছিলেন ৬৪ মিনিট। আর পর্তুগালের রক্ষণ-সেনানি পেপে খেলেছেন ২৫ মিনিট।
বিশ্বকাপ শুরুর আগে সবাইকে ফিরে পেয়ে দারুণ খুশি পর্তুগালের কোচ। ম্যাচ শেষে বেন্তো বলেন, "আমরা এখন বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। শারীরিকভাবে আমাদের সব খেলোয়াড় খেলার জন্য সুস্থ আছে, এটা খুব ভালো একটা ব্যাপার।"
