ব্রাজিলে নিরুদ্বেগ কস্তা
জন্মভূমিকে বাদ দিয়ে স্পেনকে বেছে নিলেও দিয়েগো কস্তার দৃঢ় বিশ্বাস, ব্রাজিলে কোনো বিরূপ অবস্থায় পড়তে হবে না তাকে।
কুরিচিবায় স্পেনের বিশ্বকাপ ঘাঁটিতে শিরোপাধারী স্পেনের সংবাদ সম্মেলনে স্ট্রাইকার কস্তা বলেন, “এখন পর্যন্ত সবকিছু ভালোভাবে চলছে। হতে পারে, সব সময় এক রকম হবে না কিন্তু মানুষ আমার সঙ্গে প্রত্যাশিত আচরণই করছে।”
অনেকেই পরিস্থিতি বুঝতে পেরেছেন। আর তাদের সমর্থনে এখন নিরুদ্বেগ কস্তা।
গত সপ্তাহে ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি দাবি করেন, তিনি কস্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন আর তাকে বিশ্বকাপে খেলার সম্ভাবনার কথা বলেছিলেন। তার এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন কস্তা।
তিনি জানান, কেবল স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কই তার সঙ্গে যোগাযোগ রেখেছেন আর তাকে সুযোগ দিয়েছেন।
ব্রাজিলে জন্ম নেয়া কস্তা বেছে নেন স্পেনকে। আতলেতিকো মাদ্রিদের হয়ে ইউরোপের এই দেশটিতেই ক্লাব ফুটবলে খেলেন তিনি। গত মার্চে ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে স্পেনের হয়ে অভিষেক হয় তার।
শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচ দেখতে কস্তার পরিবারকে সাড়ে তিনশ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সালভাদর দে বাহিয়ায় পৌঁছাতে হবে। স্পেনের সংবাদ মাধ্যমকে কস্তার ভাই জাইর বলেন, ব্রাজিলে তারা এক টুকরো স্পেন। সেখানে বিশ্ব চ্যাম্পিয়নরা এক লক্ষ ভক্ত পেয়েছে।
কস্তা জানান, পরিবার সব সময়ই তার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। বিশ্বকাপে খেলতে কাছাকাছি যাওয়ার তার বাবা-মা এখন খুবই আনন্দিত।
