আর্জেন্টিনায় ফেরত পাঠানো হল ঝামেলাবাজ সমর্থককে
আর্জেন্টিনার কালো তালিকাভুক্ত এক সমর্থককে দেশে ফেরত পাঠিয়েছে ব্রাজিল।
বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে স্বাগতিক দেশটি। তার অংশ হিসেবে সোমবার ব্রাজিলে পা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ঝামেলাবাজ সমর্থককে আর্জেন্টিনায় ফেরত পাঠায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার ব্রাজিল ফেডারেল পুলিশের একজন মুখপাত্র জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে ব্রাজিলে পৌঁছান ওই সমর্থক আর রাত ১০টার দিকে তাকে দেশে ফেরত পাঠায় ব্রাজিল। এবারের আসরে এই ধরনের ঘটনা এটাই প্রথম।
‘বারাজ ব্রাভাস’ নামে আর্জেন্টিনার একটি ফুটবল ফ্যান ক্লাবের ২ হাজারের বেশি সমর্থকের একটি তালিকা প্রতিবেশী দেশটিকে আগেই দিয়েছে আর্জেন্টিনা। এই ক্লাবের সমর্থকরা সহিংসতার জন্য কুখ্যাত।
সেই তালিকায় নাম থাকায় ব্রাজিল থেকে ফেরত যেতে হয় আর্জেন্টিনার সেই সমর্থককে। ব্রাজিল পুলিশ তার নাম প্রকাশ করেনি। তবে স্থানীয় গণমাধ্যমে তার নাম বলছে, দানিয়েল আতারদো।
