২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ম্যাচ ফাইনালের মতোই: আলভেস

প্রবাদ আছে, শেষ ভালো যার, সব ভালো তার। তবে দানি আলভেসের কাছে শুরুটাও শেষের মতো ভালো হওয়া চাই। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটিকেও তাই ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ মনে করছেন ব্রাজিলের এই ডিফেন্ডার। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 02:09 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় ক্রোয়েশিয়ার সঙ্গে স্বাগতিকদের এই ম্যাচ দিয়েই শুরু হবে ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত লড়াই। এর আগে সোমবার উদ্বোধনী ম্যাচের গুরুত্ব নিয়ে কথা বলেন আলভেস।

"আমি মনে করি ফাইনালের সঙ্গে এটিও বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।"

সাও পাওলোর আরেনা দে সাও পাওলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে কিছুটা হলেও চাপে আছে লুইস ফেলিপে স্কলারির দল।

সাও পাওলোরই মৌরুম্বি স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় পায় ব্রাজিল। কিন্তু এই জয়ে মন ভরেনি ব্রাজিলের সমর্থকদের। নেইমার-আলভেসদের 'দুয়ো' দিয়েছে তারা।

আলভেসের বিশ্বাস, ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে সমর্থকদের দলের পাশেই পাবে ব্রাজিল দল।

"আমরা নিজেদের মাঠে খেলছি...আমি নিশ্চিত মানুষ আমাদের পাশেই থাকবে। আর এটা প্রমাণ করবে ব্রাজিল ফেভারিট দল।"

ফেভারিটের তকমা পিঠে নিয়েই অবশ্য ২০১৪ বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে ব্রাজিল। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে শুধু ৩ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট হতে চান না আলভেস।

"আসল সময় শুরু হচ্ছে। এটা শুধু ৩ পয়েন্ট পাওয়ার ম্যাচই নয়, ভবিষ্যতের প্রতিপক্ষদের প্রতি একটা বার্তা পৌঁছে দেয়ার ম্যাচও হবে এটি।"

'এ' গ্রুপে ব্রাজিলের বাকি দুটি ম্যাচ ক্যামেরুন ও মেক্সিকোর বিপক্ষে।

গ্রুপ পর্ব পেরোতে পারলে দ্বিতীয় পর্বেই শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হবে ব্রাজিল। নকআউট এই পর্বে তাদের মুখোমুখি হতে হবে 'বি' গ্রুপ থেকে আসা গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন বা রানার্সআপ নেদারল্যান্ডস অথবা চিলির। 

এর আগে উদ্বোধনী ম্যাচ নিয়ে ব্রাজিলকে হুমকি দিয়ে রেখেছেন ক্রোয়েশিয়ার কোচ নিকো কোভাচ। ব্রাজিল বিশ্বকাপের শুরুতেই অঘটন উপহার দিতে চান তিনি।

এক সংবাদ সম্মেলনে কোভাচ বলেন, ব্রাজিলকে রুখে দিয়ে বিশ্ব ফুটবলকে বিস্ময় উপহার দেয়ার মতো পরিকল্পনা নিয়েই আরেনা দে সাও পাওলোতে যাচ্ছে তার দল।