মেক্সিকো ম্যাচে নেই রোনালদো
মেক্সিকোর বিপক্ষে পর্তুগালের প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ক্রিস্টিয়ানো রোনালদো। সমর্থকদের জন্য এর চেয়ে বড় শঙ্কা, কোচ পাওলো বেন্তোই বলতে পারছেন না দলের সবচেয়ে বড় তারকা চোট থেকে কবে পুরোপুরি সেরে উঠবেন।
ব্রাজিলের উদ্দেশে রওনা দেয়ার আগে শুক্রবার মেক্সিকোর বিপক্ষে শেষ প্রীতি ম্যাচটি খেলবে পতুর্গাল। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার রোনালদোর চোট নিয়ে অন্ধকারে থাকার কথা জানালেন পর্তুগাল কোচ।
“আমি জানি না, কবে তাকে আমরা পাব। গত শুক্রবারও আমি এটা বলেছিলাম। এর চেয়ে ভিন্ন কিছু থাকলে আমরা জানাব।’
রোনালদো দুই ধরণের চোটে ভুগছেন। মাংসপেশিকে হাড়ের সঙ্গে যুক্ত রাখার তন্তুর চোটের সঙ্গে ঊরুর সমস্যাও ভোগাচ্ছে রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ডকে।
অতিরিক্ত সময়ে গড়ানো আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৪-১ গোলে জেতা সেই ম্যাচে পুরো ১২০ মিনিটই খেলেছেন রোনালদো। পেনাল্টি থেকে গোল করা রোনালদো ম্যাচ শেষে বলেছিলেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার জন্য শতভাগ ফিট ছিলেন না তিনি।
প্রীতি ম্যাচ খেলা দূরে থাক, চোট নিয়ে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিলেও পুরো মাত্রার অনুশীলনেই নামতে পারেননি রোনালদো। দলের চিকিৎসকদের তৈরি করা বিশেষ সূচি অনুযায়ী অনুশীলন করে যাচ্ছেন তিনি।
বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচ ১৬ জুন শক্তিশালী জার্মানির বিপক্ষে।
ব্রাজিল বিশ্বকাপে ‘জি’ গ্রুপে জার্মানি ছাড়া পর্তুগালের বাকি দুই প্রতিপক্ষ ঘানা ও যুক্তরাষ্ট্র।
শুধূ রোনালদোই নন, পর্তুগাল দলে চোটে ভুগছেন রাউল মেইরেলেস আর রোনালদোর রিয়াল মাদ্রিদ-সতীর্থ পেপে। বোস্টনে শুক্রবারের প্রীতি ম্যাচে তারাও খেলতে পারবেন না। মেইরেলেস ভুগছেন বাঁ ঊরুর চোটে, আর পেপের চোট ডান পায়ের মাংসপেশিতে।
