নিজেদের কঠিনতম গ্রুপে দেখছেন রোনালদো
তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, ঘানা ও যুক্তরাষ্ট্রের মতো প্রতিপক্ষের উপস্থিতিতে নিজেদেরকেই সবচেয়ে কঠিন গ্রুপে দেখছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
বিশ্বকাপের গত আসরে কোয়ার্টার-ফাইনাল খেলেছিল আফ্রিকার দেশ ঘানা। আর দ্বিতীয় রাউন্ডে ওই ঘানার কাছে হেরে বাদ পড়েছিল যুক্তরাষ্ট্র।
কিন্তু রোনালদোর মত ভিন্ন। কঠিনতম গ্রুপপর্ব পার হওয়া বড় চ্যালেঞ্জ মানছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
“আমার মতে, বিশ্বকাপে এটাই সবচেয়ে কঠিন গ্রুপ।”
তাই এক ধাপ করে এগোতে চান গতবারের ফিফা বর্ষসেরা রোনালদো।
“ধাপে ধাপে, ম্যাচ ধরে ধরে আমাদের কিছু লক্ষ্য নির্ধারণ করতে হবে। অবশ্যই ধীরে সুস্থে তবে আত্মবিশ্বাসের সঙ্গে।”
শিরোপা লড়াইয়ে পর্তুগালকে ফেভারিট বলছেন না রোনালদো। কিন্তু দিয়েছেন সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি।
১৬ জুন সালভাদরে জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে পর্তুগালের। এরপর ২২ জুন মানাউসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে তারা এবং ২৬ জুন ব্রাজিলিয়ায় ঘানার মোকাবেলা করবে পর্তুগাল।
বিশ্বকাপে এর আগে মাত্র তিনবার গ্রুপ পর্ব পার করেছে পর্তুগাল। তাদের সেরা সাফল্য ১৯৬৬ সালের বিশ্বকাপে। সেবার প্রথমবারের মতো খেলতে এসেই ফুটবলের অন্যতম সেরা তারকা ইউসেবিওর দাপটে তৃতীয় হয়েছিল তারা।
২০০৬ সালে চতুর্থ হয়েছিল লুইস ফিগোর পর্তুগাল। তবে গতবার দ্বিতীয় রাউন্ডের বাধা পেরুতে পারেনি তারা। এবার ভালো কিছুর জন্য ফিফার বর্ষসেরা ফুটবলার রোনালদোর দিকে তাকিয়ে পর্তুগাল।
