Published : 27 Jun 2026, 08:52 PM
ক্যানসাস সিটিতে মুখোমুখি হতে যাওয়া দুই দল, অস্ট্রিয়া ও আলজেরিয়া সেই ‘গিহনের কলঙ্ক’-এর সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। ১৯৮২ বিশ্বকাপের পশ্চিম জার্মানির সাথে সেই ‘আতাঁত’-এর সঙ্গী অস্ট্রিয়া। তার শিকার আলজেরিয়া। প্রেক্ষাপট ভিন্ন হলেও, দুই দলের দ্বৈরথ নিয়ে আবারও আলোচনায় কলঙ্কিত সেই ম্যাচ।
উত্তর আমেরিকা বিশ্বকাপের ‘জে’ গ্রুপ থেকে নকআউট পর্বে ইতোমধ্যে উঠে গেছে আর্জেন্টিনা। ৩ করে পয়েন্ট নিয়ে অপেক্ষায় অস্ট্রিয়া ও আলজেরিয়া। গ্রুপ রানার্সআপ বা তৃতীয় সেরা দলের একটি হয়ে, পরের ধাপে যাওয়ার হাতছানি তাদের সামনে। এই হিসাবের মাঝেই ফিরে আসছে সেই অতীত।
গ্রুপ রানার্সআপ দলটিকে শেষ বত্রিশে মুখোমুখি হতে হবে শক্তিশালী স্পেনের। অর্থাৎ, আলোচিত ম্যাচটিতে জয়ী দলকে লড়তে হবে ২০১০ সালের চ্যাম্পিয়নদের বিপক্ষে। ম্যাচটি ড্র হলেও ‘বিপদ’ অস্ট্রিয়ার, গোল পার্থক্যে এগিয়ে তারাই হবে গ্রুপ রানার্সআপ, আলজেরিয়া হবে তৃতীয়।
এই ম্যাচে আবার হেরে যাওয়াদের, তৃতীয় সেরা আট দলের একটি হওয়ার সমীকরণও সহজ নয়। হারের ব্যবধান বড় হলে আছে ছিটকে যাওয়ার ভয়ও। মোট কথা, স্পেনকে এড়াতে গেলে আরও বড় বিপদ হতে পারে; দুই দলের জন্যই বিষয়টা একই। সেই ঝুঁকিটা নিতে রাজি নয় কেউই।
স্পেনকে এড়াতে অস্ট্রিয়া হারতে চায় কিনা, এমন প্রশ্নে তো দলটির কোচ রাফল রাংনিক উত্তরই দিতে চাননি।
“না, নিশ্চিতভাবেই না, পরের প্রশ্ন।”
আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেতকোভিচ একটু লম্বা উত্তর দিয়েছেন। তবে, তিনিও উড়িয়ে দিয়েছেন, স্পেনকে পাশ কাটানোর ভাবনা।
“এসব ভাবনার কোনো অস্তিত্ব নেই। ম্যাচের পর কী হয়, আমরা দেখব। তবে, আকাঙ্ক্ষা পূরণে এবং ম্যাচটি জয়ের জন্য, নিজেদের সেরাটা ঢেলে দিব আমরা।”