Published : 19 Jun 2026, 03:20 PM
২০০২ বিশ্বকাপের পর প্রথম গ্রুপ টেবিলে শীর্ষে ওঠা, উত্তর আমেরিকা বিশ্বকাপে সবার আগে নকআউট পর্বের মঞ্চে জায়গা করে নেওয়া- এখন পর্যন্ত মেক্সিকোর প্রাপ্তি দারুণই। বিশ্বকাপের সহ-আয়োজকদের নিয়ে মাতামাতিও হচ্ছে বেশ। তবে, এসবের কোনো গুরুত্বই নেই হাভিয়ের আগিরের কাছে!
মেক্সিকো কোচের দৃষ্টি বরং সুদূরে। গ্রুপ পর্বের অর্জন যাই হোক না কেন, বিশ্বকাপে মেক্সিকো কত দূর যাবে, সেটাই ৬৭ বছর বয়সী এই কোচের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপে যাত্রা শুরুর পর, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে মেক্সিকো। ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে ২৪ বছর পর, গ্রুপ টেবিলে শীর্ষে উঠেছে দলটি। এ নিয়ে চারদিকে উচ্ছ্বাস বয়ে গেলেও, আগিরেকে তা স্পর্শ করছে কমই।
“আমি পরিসংখ্যান জানি না। এটা লোকমুখে চলা কথা। ২০০২ সালে এটা শোনা গিয়েছিল এবং এখন, শোনা যাচ্ছে। কিন্তু, যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, শেষ পর্যন্ত দলের অবস্থান।”
আগিরের এমন ভাবনার কারণও আছে। ১৯৮৬ বিশ্বকাপে সবশেষ কোয়ার্টার-ফাইনালে খেলা মেক্সিকো সবশেষ কাতার বিশ্বকাপে ছিটকে গিয়েছিল গ্রুপ পর্ব থেকে। এর মাঝে ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত কখনই তারা পার হতে পারেনি শেষ ষোলোর ধাপ।
নকআউট পর্বের আগে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিতে আগামী বৃহস্পতিবার চেকিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে মেক্সিকো। এ ম্যাচটিও তারা খেলবে বাড়ির উঠানে, চেনা দর্শকের সামনে। পুরো মনোযোগ এখন চেকিয়া ম্যাচে থাকলেও আগিরের দৃষ্টি আরও দূরে।
“ঘরের মাঠে খেলার মতো আনন্দ আর কিছুতেই নেই। এটা অমূল্য। নিজেদের মাঠে খেলা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।”
“ছেলেদের আমি বোঝাতে চাই যে, আমরা বিশ্বের সেরা দশ দলের মধ্যে থাকতে পারি। এটা করতে পারলে, আমাদের জন্য তা বিশেষ কিছু হবে।”