Published : 17 Jul 2026, 05:09 PM
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় খালের পাড়ে বসে মোবাইল ফোনে ফুটবল খেলা দেখতে গিয়ে নিখোঁজ হন এক যুবক।
ঘটনার দুদিন পর শুক্রবার সকালে উপজেলার মাঘান-মাইজহাটি গ্রামের সাপমরা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন।
নিহত আহাদ নূর (২৬) ওই গ্রামের কাঁচা মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সৈয়দপুর গ্রামে পরিবার নিয়ে থাকতেন। কয়েক দিন আগে তিনি চাচা কালা মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, বুধবার রাতে খালের পাড়ে বসে মোবাইল ফোনে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিলেন আহাদ। রাত ১টা থেকে ৩টার মধ্যে কোনো একসময় তিনি নিখোঁজ হন।
ওসি বলেন, পরিবারের ধারণা, খালের একেবারে কিনারায় বসে থাকায় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান। আহাদ সাঁতার জানতেন না বলেও পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরদিন সকাল থেকে স্বজন ও স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন সাপমরা খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি বলেন, লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল। এটি নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভেসে ওঠে।
মাঘান-সিয়াধার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম মাসুদ বলেন, আহাদের চাচার বাড়ি খালের পাশেই। বর্তমানে খালে অনেক পানি, আর ওই অংশটি বেশ গভীর। আহাদ সাঁতার জানতেন না।
তিনি বলেন, এ ঘটনায় পরিবারের কারও কোনো অভিযোগ নেই। আহাদের সঙ্গে কারও শত্রুতার কথাও জানা যায়নি। তাই স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন করেছেন।
ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।